ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক : ভারতের ওডিশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক শোক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
গতকাল শুক্রবার রাতের ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে দ্রুতই রিপোর্ট পেশ করা হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এদিকে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে রেল এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের বিস্তর ফারাক দেখা গেছে। এমনকি এই ঘটনার মূল কারণ কী তাও স্পষ্ট নয়।











