শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গার্মেন্টসকর্মীর মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অটোরিকশায় চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নার্গিস আক্তার (৩০) নামে গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার চিটাগাংরোড পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের তাজুল ইসলামের মেয়ে। নার্গিস আক্তার আদমজী ইপিজেডে অপারেটর পদে চাকরি করতেন।

মৃতার ভাই মামুন জানান, আজ শনিবার সকালে চিটাগাং রোডের বাসা থেকে অটোরিকশায় চড়ে ইপিজেড কর্মস্থলে যাওয়ার সময় গলায় থাকা ওড়না অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন। পরে অটোরিকশা চালক নার্গিসকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং আত্মীয়-স্বজনকে খবর দেয়। সেখান অবস্থার অবনিত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’