এটা ‘স্মার্ট লুটপাট’র বাজেট: আমির খসরু
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ‘স্মার্ট লুটপাট’র বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার বিকেলে বানানীর নিজ বাসায় প্রস্তাবিত বাজেট-পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমির খসরু এই প্রতিক্রিয়া জানান।
সাংবাদিকের প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘প্রস্তাবিত বাজেট অবশ্যই স্মার্ট বাজেট—এত স্মার্টলি লক্ষ লক্ষ কোটি টাকা কোনো সরকার বা দলের লোকজন পাচার করতে পারবে? এত স্মার্টলি ব্যাংক লুটপাট, সিন্ডিকেট পরিচালনা, জনগণের সম্পদ লুট করতে পারবে? সেই দিক থেকে এই বাজেট স্মার্ট, এতে কোনো সন্দেহ নেই।’
প্রসঙ্গত, ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে ২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় বাজেট আজ বিকেলে সংসদে পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় জাতীয় সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা।











