কোনো বিদেশি শক্তি শেখ হাসিনাকে সরাতে পারবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘কোনো বিদেশি শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। তিনি বঙ্গবন্ধুর কন্যা।’
আজ বুধবার গুলশানে লেকশোর হোটেলে এক আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ‘নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে কোনো নিষেধাজ্ঞা আসার সুযোগ নেই। কারণ রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় ওয়াশিংটনের সঙ্গে কাজ করছে ঢাকা।’
তিনি বলেন, ‘চীন নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশ এখনো যোগ দেয়নি। আন্তর্জাতিক কোনো জোটে অংশ নেয়ার বিষয়ে ঢাকার ওপর কোনো চাপ নেই।’
মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে কাজ হচ্ছে না জানিয়ে শাহরিয়ার আলম রোহিঙ্গা সংকট সমাধানে অর্থনৈতিকভাবে অগ্রসর দেশগুলো ও জাতিসংঘকে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান।
এসময় তিনি বলেন, ‘কানাডা ৫০ হাজার রোহিঙ্গা নিতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ পাঠায়নি। আন্তর্জাতি গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্য ভুল।’











