সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাতিজিকে ধর্ষণের অভিযোগ চাচার বিরুদ্ধে

news-image

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে সাত বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে তামিম (২০) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী শিশুটির মা গতকাল শুক্রবার রাতে মদন থানায় মামলাটি দায়ের করেন। এরআগে, ওইদিন বিকেলে উপজেলার কাইটাইল ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে শিশুটিকে নিজ ঘরে রেখে গোসল করতে যান তার মা। এই সুযোগে শিশুটির আপন ছোট চাচা তামিম মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে পাশের ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটি চিৎকার দিয়ে কান্না শুরু করলে তার মা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে শিশুটির কাছ থেকে ধর্ষণের ঘটনা জানতে পারেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাতেই তামিমকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযুক্ত তামিম পালিয়ে যায়। শিশুটির ডাক্তারি পরীক্ষার করার জন্য আজ শনিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘মেয়ের চিৎকার ও কান্না শুনে গোসল থেকে ছুটে আসি। এসে দেখতে পাই মেয়ে রক্তাক্ত অবস্থায় কান্না করছে। আপন চাচা হয়ে ভাতিজির সঙ্গে একটা নরপশুর কাজ করেছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ‘শিশু ধর্ষণের অভিযোগে তামিম নামে এক যুবকের বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’