সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন ভিসা নীতি নিয়ে কোনো মন্তব্য করব না: ইসি আলমগীর

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ ভালো হচ্ছে, কোনো অনিয়মের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। এ সময় মার্কিন নতুন ভিসা নীতির বিষয়ে কোনো মন্তব্য করতে চান না বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার সিসিটিভিতে আড়াই ঘণ্টা ভোট মনিটরিংয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরায় দেখছি শৃঙ্খলার সঙ্গেই ভোট হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন এবং নির্বাচন কমিশন থেকে পর্যবেক্ষক হিসেবে যাদের পাঠানো হয়েছে তাদের কাছ থেকে আমরা যে রিপোর্ট পেয়েছি তাতে এই যে আড়াই ঘণ্টা যাবৎ ভোট হচ্ছে ভালোভাবেই ভোট হচ্ছে। খারাপ কোনো খবর এখনো পাওয়া যায়নি।’

ইভিএম ও সিসিটিভি ক্যামেরা কাজ না করার বিষয় জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘ইভিএম যেহেতু একটি মেশিন মাঝে মাঝে এটা অকার্যকর হয়ে পড়ে। এটা হতেই পারে। সঙ্গে সঙ্গে সেটা ঠিক করার ব্যবস্থা করা হয়েছে। ৫-১০ মিনিট পরে আবার সবাই ভোট দিতে পারছে।’

তিনি আরও বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ক্ষেত্রে যেটা হয়েছে কিছু কেন্দ্রে ক্যামেরা আছে কিন্তু ইন্টারনেট না থাকার কারণে আমরা ঢাকা থেকে দেখতে পাচ্ছি না। তবে সেগুলোতে রেকর্ডিং হচ্ছে। ভিডিও ফুটেজ আমাদের হার্ডডিস্কে থাকছে।’

অনেক কেন্দ্রেই মেয়র প্রার্থী জায়েদার পোলিং এজেন্ট পাওয়া যাচ্ছে না- এ বিষয়ে জানতে চাইলে ইসি আলমগীর বলেন, ‘এ বিষয়ে তো উনি কোনো অভিযোগ করেননি। না থাকলে সেটা তো তার অভিযোগ করা উচিত ছিল। তাদের সঙ্গে আমরা যখন মিটিং করেছি তখন বলেছি, নির্বাচনে যদি কোনো ধরনের বাধার সম্মুখীন হন, আমাদের নম্বরগুলো দেওয়া আছে, আমাদের কাছে জানাবেন, আমরা পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সহায়তায় ওই কেন্দ্রে এজেন্ট বসার ব্যবস্থা করে দেব।’

মার্কিন ভিসা সংক্রান্ত নতুন নিয়ম বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটা আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার। আমাদের দায়িত্ব হলো একটি সুষ্ঠু নির্বাচন করা। আমরা তার সবই করব। ওই বিষয়টা কমিশনের অংশ না। সে বিষয়ে কোনো রাষ্ট্র বা সরকারের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডমেন্ট আছে, সেটা তারা বলতে পারবেন।’

এর আগে নির্বাচন কমিশনে কন্ট্রোল রুমে সকাল ৮টা থেকে সিসিটিভি ক্যামেরায় ভোট মনিটরিং শুরু করেন ইসি মো. আলমগীর, ইসি রাশেদা সুলতানা ও ইসি আহসান হাবিব। এরপরে ৯টার দিকে তাদের সঙ্গে যোগ দেন ইসি আনিসুর রহমান। সাড়ে ৯টার দিকে আসেন সিইসি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী