শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বদরবারে প্রশংসিত
ইব্রাহিম হোসেন মুন
আমাদের সংস্কৃতিতে কৃতজ্ঞতাবোধ শব্দটি বেশ পরিচিত। তবে এর ব্যবহার ও স্বীকার করার মানসিকতা কয়জনার আছে। আমাদের মানসিকতা, চিন্তাশক্তি আজ হিমাগারে তালাবদ্ধ। কৃতজ্ঞতাবোধ স্বীকার করা বা মেনে নেওয়া নিজের নাক কাটে যাত্রাভঙ্গÑ এমন ভাবা লোকের সংখ্যা নেহাত কম নয়। ইতিহাসের দুর্ধর্ষ অনেক অপরাধীও বিচারের কাঠগড়ায় সত্য স্বীকার করে বিচারিককার্যে কৃতজ্ঞতাবোধের মূল্য দিয়েছে। মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের হত্যাকারীকে বিচারক প্রশ্ন করেছিলেন, তুমি কেন সাদাতকে হত্যা করলে? উত্তর এলো, তিনি সেক্যুলার ছিলেন। বিচারক তখনই পরের প্রশ্নটি করলেন, সেক্যুলার মানে কী? হত্যাকারী অকপটে জানাল, আমি জানি না। মিসরীয় সাহিত্যিক ফারাজ ফাওদার হত্যাকারীকে বিচারক প্রশ্ন করেছিলেন, তুমি কেন ফাওদাকে হত্যা করলে। খুনি উত্তর দিল, তার ইমান নেই। তুমি কীভাবে বুঝলে তার ইমান ছিল না। খুনি বলল, ফাওদার লেখা বই পড়লেই বোঝা যায় যে, তার ইমান ছিল না। বিচারক বললেন, তুমি কি বইগুলো পড়েছ? উত্তর এলো, না। কারণ আমি লেখাপড়া জানি না। বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করলে সরকারপ্রধান শেখ হাসিনা অদম্য সাহস নিয়ে নিজেদের অর্থায়নে অসম্ভবকে সম্ভব করে ফেললেন। দৃশ্যমান এই পদ্মা সেতুর ফ্রেমে বাঁধা ছবি তিনি বিশ্বব্যাংকের চেয়ারম্যানকে উপহার দিলেন। বিশ্বব্যাংক এই উপহার গ্রহণ করে বাংলাদেশের পক্ষে থাকার ইচ্ছা প্রকাশ করে তারা মেনে নেওয়ার মতো কৃতজ্ঞতাবোধের জন্ম দিল। ঐতিহাসিক বিচারে খুনি তার অজ্ঞতা স্বীকার ও বিশ্বব্যাংকের ফিরে আসা আমাদের সমাজের জন্য শেখার আছে কি?
ধরণীর সীমান্তে (ইউক্রেন-রাশিয়া) রক্তের বিভীষিকা আলিঙ্গনে সমাজব্যবস্থায় অর্থনৈতিক গলা চেপে ধরা তাবৎ বিশ্বমোড়ল বের হওয়ার রাস্তা খুঁজে পান না। বাস্তবতার এমন কঠিন সমীকরণে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও শেখের বেটি শেখ হাসিনা মেগাপ্রজেক্ট মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণিক বিদ্যুৎ, গ্রাম হচ্ছে শহর, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ দৃশ্যমান হয়; অন্ধ আর বোবার বন্ধুত্ব শুধু বাংলাদেশেই থেকে যায়। একই সময়ে বিশ্বমোড়লদের শেখ হাসিনা ও তার নেতৃত্ব, পররাষ্ট্রনীতি, অর্থনীতি কীভাবে সচল রেখেছেন- ভাবনার যেন শেষ নেই।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ সফরে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেভাবে গুরুত্বের সঙ্গে বাংলাদেশ ও সরকারপ্রধান শেখ হাসিনাকে প্রাধান্য দেওয়া হয়েছে, তা নজিরবিহীন। একজন সফল সরকারপ্রধান এবং সফল রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক বিশ্বনেতা হিসেবে তাকে সম্মানিত করা হয়েছে। বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বিশ্বের প্রভাবশালী দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক গণমাধ্যম। তারা শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক নেতৃত্বে বাংলাদেশ যে বিশ্বে অনুকরণীয় ও অনুসরণীয়, তা স্বীকার করেছেন অকপটে। এই সফর উন্নয়ন, অগ্রযাত্রা, বিশ্বশান্তিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা অভিমত দিয়েছেন। এই সফরে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্বমোড়ল আমেরিকার বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে তার অভিপ্রায় ব্যক্ত করে বলেন, ‘আপনি আমাদের জন্য অনুপ্রেরণা।’ তিনি এও বলেন, ‘আপনাকে অনেক বছর ধরে অনুসরণ করছি। আপনি একজন সফল অর্থনৈতিক নেতা। আপনার বড় ভক্ত আমার স্ত্রী ও দুই কন্যা। আপনি বিশ্বে দারুণ এক অনুপ্রেরণাদায়ী নেতা। আমি আপনার অনুরাগী।’ করোনা মহামারীর সময়ে ৬ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায়, রোহিঙ্গাদের আশ্রয়, ভূমিহীন গৃহহীনদের সরকারি খরচে বাড়ি, বিভিন্ন ধরনের ভাতা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে শেখ হাসিনার গৌবময় ভূমিকার প্রশংসা করেন তিনি।
এবারের সফরের অন্যতম দিক হলো, পুরনো বন্ধু জাপানের সঙ্গে সম্পর্ক আরও উচ্চপর্যায়ে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হয়েছে। জাপানের সরকারি-বেসরকারি পর্যায়ের বিনিয়োগসহ চুক্তি হওয়া সমঝোতা স্মারক দুই দেশের অংশীদারি মর্যাদা নবযুগের সূচনা করতে যাচ্ছে। ২০১২ সালে পদ্মা সেতুর ঋণ নিয়ে ভিত্তিহীন ও কথিত অভিযোগের প্রেক্ষাপটে বাংলাদেশ-বিশ্বব্যাংক টানাপড়েন সৃষ্টি হয়, আত্মমর্যাদার প্রশ্নে দৃঢ়চেতা প্রধানমন্ত্রী ওই ঋণ প্রস্তাব প্রত্যাহার করে নিজেদের অর্থায়নে তৈরি করেন স্বপ্নের পদ্মা সেতু। এবারের সফরে বিশ্বব্যাংক শেখ হাসিনার শুধু প্রশংসাই করেনি, এখন বিশ্বব্যাংক মনে করে, পৃথিবীর অনেক দেশই দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, অর্থনীতি ও জলবায়ু পরিবর্তনের নানাবিধ বিষয়ে বাংলাদেশকে অনুসরণ করতে পারে। একই সঙ্গে বাংলাদেশের সার্বিক উন্নয়নকেও অনুকরণীয় বলে অভিবাদন জানিয়েছেন বিশ্বব্যাংকের দুই শীর্ষকর্তা। বিশ্বব্যাংকের শীর্ষ দুই কর্মকর্তা ও বিশ্বব্যাংক চেয়ারম্যান ডেভিড ম্যালপাস নিজ নিজ টুইটবার্তায় বাংলাদেশের সার্বিক উন্নয়ন সাফল্যের গল্প তুলে ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি টুইট করে কৃতজ্ঞতাবোধের জন্ম দিয়েছেন।
গত ১৪ বছরে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাওয়ার পাশাপাশি বিশ্বে নিজেদের শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে, এই পেক্ষাপটে বাংলাদেশের প্রতি উন্নত বিশ্বের আগ্রহ ক্রমেই বেড়ে চলছে। এমন বাস্তবতায় যারা অন্ধ আর বোবা হয়ে কৃতজ্ঞতাবোধের মূল্য না দিয়ে স্বপ্ন দেখেনÑ বাংলা হবে আফগান, না হয় শ্রীলংকা; তাদের দায়ভার বাংলাদেশ আর নিতে চায় না। জয়তু শেখ হাসিনা।
ইব্রাহিম হোসেন মুন : সাবেক সভাপতি, ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও নির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ











