গ্যাসের দামবৃদ্ধির খবরে যা জানাল তিতাস
নিজস্ব প্রতিবেদক : রান্নায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ছে বলে আজ মঙ্গলবার সংবাদ প্রকাশিত হয়। এতে বলা হয়, দুই চুলার রান্নার গ্যাসের দাম ৫১২ টাকা বাড়াতে চাচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। একই সঙ্গে এক চুলায় তারা দাম বাড়াতে চায় ৩৯০ টাকা। তবে, তিতাস বলছে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে তারা কোনো প্রস্তাব দেয়নি।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের অন্যতম বৃহৎ গ্যাস সরবরাহকারী কোম্পানি জানায়, গ্যাস সরবরাহ করে প্রতি ইউনিটে শুধুমাত্র ১৩ পয়সা মার্জিন পেয়ে থাকে তিতাস। গ্যাসের মুল্যবৃদ্ধি বা হ্রাস করার ক্ষেত্রে তিতাসের কোনো প্রকার ভূমিকা বা সম্পৃক্ততা নেই। ইতোপূর্বে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মিটারবিহীন আবাসিক গ্রাহকের প্রতি মাসে গ্যাস ব্যবহার একমুখী চুলার এবং দ্বিমুখী চুলার ক্ষেত্রে যথাক্রমে ৭৩ দশমিক ৪১ ঘনমিটার এবং ৭৭ দশমিক ৩৮ ঘনমিটার নির্ধারণ করে।
তিতাস বলছে, পরবর্তীতে গত বছরের ৪ জুন বিইআরসি আদেশ ২০২২/০৯ অনুযায়ী মিটারবিহীন আবাসিক গ্রাহকের প্রতি মাসে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে একমুখী চুলার এবং দ্বিমুখী চুলার ক্ষেত্রে যথাক্রমে ৫৫ ঘনমিটার এবং ৬০ ঘনমিটার পুনঃনির্ধারণ করে বিইআরসি। প্রকৃতপক্ষে বর্তমানে নির্ধারিত পরিমাণের চেয়ে মিটারবিহীন গ্রাহকরা বেশি গ্যাস ব্যবহার করে। ফলে তিতাসের সিস্টেম লস বৃদ্ধি পায়।
প্রতিষ্ঠানটি বলছে, গ্যাস ব্যবহারের পরিমাণের বিষয়ে পুনঃবিবেচনার জন্য বিইআরসিকে পত্র মারফত অনুরোধ করা হয়েছে। উক্ত পত্রে গ্যাসের মুল্যবৃদ্ধি সংক্রান্ত কোনো বিষয়/প্রস্তাব ছিল না। কিন্তু সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে উক্ত বিষয়টি নিজেদের মতো বিশ্লেষণ করে তিতাস গ্যাসের মুল্যবৃদ্ধির জন্য প্রস্তাব করেছে বলে সংবাদ প্রচারিত হচ্ছে। এ ধরণের সংবাদ প্রকাশ ও প্রচার করায় কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, যা কাম্য নয়।











