পানি মিশিয়ে তেল বিক্রির অভিযোগ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে মাহবুবুর রহমান নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে তেলের সঙ্গে পানি মিশিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই ব্যবসায়ী।
উপজেলার গাজির বাজারের ওই ব্যবসায়ী মোটর পার্টস বিক্রির পাশাপাশি মেকানিকের কাজ করেন। এলাকায় তিনি মাহাবুব মেকানিক নামে পরিচিত। ক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পেট্রোল ও ডিজেলের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে আসছেন।
উপজেলার পান্তাডাঙ্গা গ্রামের ট্রাক্টরচালক শরিফুল ইসলাম বলেন, ‘মাহবুবের দোকান থেকে তেল কিনে ট্রাক্টরে ভরেছিলেন। এরপর ট্রাক্টরের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরে তেল ফেলে অন্য দোকান থেকে তেল ভরার পর ইঞ্জিন স্বাভাবিক হয়। এ নিয়ে তাদের মধ্যে বিবাদ বাধলেও পরে বিষয়টি সমাধান করে নিয়েছেন।‘
ওই বাজারের আজিজ ব্যাপারী নামে অপর এক ব্যবসায়ী বলেন, ‘আমি গাড়ির জন্য ৮ লিটার তেল কিনেছিলাম। গাড়ি চালাতে সমস্যা হওয়ায় চেক করে দেখি তেলের মধ্যে পানি। পরে তা ফেরত দিয়েছিলাম।’
তেলে মধ্যে পানি মেশানোর অভিযোগ অস্বীকার করে মাহাবুব রহমান বলেন, ‘তেলের ব্যারেল দোকানের বাইরে থাকে। বৃষ্টির পানি ব্যারেলের মধ্যে ঢুকতে পারে। আর তেলের মধ্যে পানি মিশিয়ে বিক্রির অভিযোগ সঠিক না।’
ওই বাজারের অপর তেল ব্যবসায়ী লস্কার স্টোরের মালিক বাচ্চু লস্কর বলেন, ‘ব্যারেলের মধ্যে বৃষ্টির পানি ঢোকা সম্ভব নয়। তবে, অনেক সময় ব্যারেল ঘেমে ৫০ থেকে ১০০ গ্রাম পানি ঢুকতে পারে। কিন্তু ৮ থেকে ১০ লিটার পানি ঢোকা একেবারেই অসম্ভব।’











