আয়ারল্যান্ড-বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে আজ
ক্রীড়া প্রতিবেদক : ইংল্যান্ডে সিরিজ আয়োজন করা ছিল আইরিশদের একটি কৌশল। চেমসফোর্ডের গতি ও বাউন্স কাজে লাগিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার উচ্চাভিলাষী চিন্তাভাবনা থেকে হয়তো এমন সিদ্ধান্ত নেওয়া। তারা হয়তো ভুলে গিয়েছিল মানুষের চেয়েও বড় খেলোয়াড় প্রকৃতি। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া প্রথম ওয়ানডে থেকে সে শিক্ষা তারা পেয়েছে। ম্যাচটি পণ্ড হওয়ায় আইরিশদের সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেস্তে গেছে। এই শোকে আইরিশ ক্রিকেটাররা গতকাল অনুশীলন পর্যন্ত করেননি।
র্যাঙ্কিংয়ে পেছনের সারির খেলোয়াড়দের মধ্যে এ ধরনের আবেগ কাজ করা স্বাভাবিক। কারণ তাঁরা নিয়মিত ম্যাচ বা সিরিজ জেতেন না। আর বিশ্বকাপের মতো আসরে সরাসরি খেলার সুযোগও পান না। এমন সুযোগ হাতছাড়া হওয়া স্বপ্নভঙ্গই। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি অন্যরকম। আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হওয়ায় এই সিরিজটি ছিল সুপার লিগের টেবিলের দ্বিতীয় স্থানে উন্নীত হওয়ার। সে সম্ভাবনাটা এখনও ভালোভাবে আছে। আয়ারল্যান্ডকে বাকি দুই ম্যাচে বড় ব্যবধানে হারাতে পারলে ইংল্যান্ডের সমান ১৫৫ পয়েন্ট হবে বাংলাদেশের। তখন রানগড়ে এগিয়ে থাকলে দ্বিতীয় স্থানে নিশ্চিত। তবে বাংলাদেশ দল এসব নিয়ে ভাবছে না। তাদের লক্ষ্য একটিই, ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতে দেশে ফেরা।
আজ চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচ। ইংল্যান্ডের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এ ম্যাচেও বৃষ্টি বাধা হতে পারে। স্থানীয় সময় বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভারী ও মাঝারি মানের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চেমসফোর্ডের গতকালের আবহাওয়া অবশ্য ভালো ছিল। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম ভেন্যু থেকে ফোনে জানান, ঝলমলে রোদে পুরোদমে অনুশীলন করেছে বাংলদেশ। ব্যাটসম্যানদের জন্য এই সেশনটা খুব প্রয়োজন ছিল। বিশেষ করে ওপেনিং জুটি তামিম ইকবাল ও লিটন কুমার দাসের জন্য। প্রথম ম্যাচে তাঁরা দুজনই ব্যর্থ হয়েছেন। বাকিরা কম-বেশি রান পেলেও থিতু হয়ে উইকেট ছুড়েছেন প্রায় সবাই। কন্ডিশনাল অনুশীলনের ঘাটতির প্রভাব দেখা গেছে ব্যাটিং পারফরম্যান্সে। যে কারণে পুরো ৫০ ওভার খেলে ২৪৬ রান করতে পেরেছেন তামিমরা।
টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ৪৪, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ দু’জনই ২৭ রান করে আউট হন। ২০ রানে সাকিব আল হাসানের আউটটাও হতাশ করার মতো। ব্যাতিক্রম ছিলেন মুশফিকুর রহিম। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ৬১ রান করেছেন ৭০ বলে। সেদিক থেকে দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের মেলে ধরার পরীক্ষা। নিরপেক্ষ কন্ডিশনে ভালো খেলে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগও। কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিশ্চয়ই সেভাবে পরিকল্পনা দেবেন।
সাধারণত ইংলিশ কন্ডিশন বলতে পেস ও বাউন্সি উইকেটের যে ছবি চোখের সামনে ভেসে ওঠে, চেমসফোর্ডের পিচ তেমন নয় বলে দাবি টিম ম্যানেজমেন্টের। বাউন্স থাকলেও স্পিন বোলিংও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
তবে শরিফুল ইসলামের মতে বোলিংয়ে আধিপত্য থাকবে পেসারদেরই। তাঁর মতে, ‘কন্ডিশন পেস বোলিং উপযোগী। সব ফাস্ট বোলারই চায় এ রকম কন্ডিশনে খেলতে, বল করতে। আমাদের কাছে ভালোই লাগছে বোলিং করতে। গত ম্যাচে আমরা নতুন বলেই বোলিং করেছি। পুরোনো হওয়ার আগেই বৃষ্টি এসেছে। ভালোই সুইং পাওয়া যাচ্ছিল, এক্সট্রা বাউন্স ছিল, মুভমেন্ট ছিল ভালো। সেদিক থেকে দেখলে কালও (আজ) হয়তো একই রকম হবে।’
উইকেট যেমনই হোক এ ম্যাচেও ছয়জন বোলার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। যেখানে চতুর্থ পেসার নেওয়ার ব্যাপারে আলোচনা হয়নি গতকালের টিম মিটিংয়ে।











