ভারতকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ে দুইয়ে পাকিস্তান, কোথায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডে জিতে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। শেষ ম্যাচ হেরেই আবার নেমে গিয়েছিল তৃতীয় স্থানে। তবে বৃহস্পতিবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা যায়, পাকিস্তান উঠে এসেছে দুইয়ে। দুইয়ে থাকা ভারতকে তিনে ঠেলে এই অবস্থান পাকিস্তানের।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, শীর্ষস্থানে থাকা অস্ট্রেলিয়া তাদের রেটিং ১১৩ থেকে বাড়িয়ে ১১৮ করেছে। দুইয়ে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১৬ আর ভারতের ১১৫। আইসিসির এর আগের হালনাগাদে ১১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। তাদের থেকে ভগ্নাংশ পয়েন্ট পিছিয়ে ভারত ছিল দুইয়ে। আর ১১২ পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান ছিল তিন নম্বরে।
আইসিসির এই র্যাঙ্কিংয়ে বিবেচনায় নেওয়া হয়েছে ২০২০ সালের মে মাসের পরের ম্যাচগুলোকে। এর মধ্যে ২০২২ সালের মে মাসের আগে শেষ হওয়া সিরিজগুলোর ৫০ শতাংশ বিবেচনায় নেওয়া হয়েছে। বাকি সিরিজগুলোর শতভাগই বিবেচনায় নেওয়া হয়েছে।
আইসিসি জানিয়েছে, এই র্যাঙ্কিংয়ে আমলে নেওয়া হয়নি ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ২০১৯ সালে পাকিস্তানের ৪-০ ব্যবধানে সিরিজ হারকে। তাছাড়া ২০২১ সালে ৩-০ ব্যবধানে সিরিজ হারও আমলে নেয়া হয়েছে পঞ্চাশ শতাংশ। এ কারণেই র্যাঙ্কিংয়ে উন্নতি পাকিস্তানের। আর এ বছরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার ভারতের রেটিংয়ে প্রভাব ফেলেছে।
অন্য দলগুলোর মধ্যে ১০৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে নিউজিল্যান্ড। ১০১ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ইংল্যান্ড। পরের স্থান দুটিতে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। বড় লাফ দিয়েছে আফগানিস্তান। শ্রীলংকাকে নয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে দশ নম্বরে ঠেলে তারা উঠে এসেছে অষ্টম স্থানে।











