ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, মা ও নবজাতকসহ নিহত ৩
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও এক নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।
আজ বুধবার দুপুরে সাড়ে তিনটার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০), তার সদ্য ভূমিষ্ঠ কন্যা ও আরেক মেয়ের জামাই বেলাল হোসেন (২৭)। বেলাল হোসেন সাতক্ষীরা সদর উপজেলার নারানপুর গ্রামের বাসিন্দা।
নিহত তানজিলার স্বামী আলাউল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার মেয়ে সন্তান প্রসব করে তানজিলা খাতুন। প্রসবের পর মেয়ে অসুস্থ হয়ে যাওয়া আজ তাকে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে মির্জাপুরে দুর্ঘটনায় মা ও নবজাতক মারা যান। এসময় গুরুতর আহত হন বেলাল হোসেন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, বিকাল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরাগামী মেঘনা কোম্পানির একটি মালবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে মা ও নবজাতকের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় চিকিৎকসাধীন অবস্থায় আরেক একজন মারা যান। এছাড়া অ্যাম্বুলেন্সচালকসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।











