গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে গেল গণঅধিকার পরিষদ
নিজস্ব প্রতিবেদক : নানা টানাপোড়েনের পর অবশেষে গঠনের ৯ মাসের মাথায় ভেঙে গেল সাতদলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ’। দীর্ঘদিন ধরে নানা সন্দেহ-সংশয় শেষে জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। তবে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে অন্যান্য দলের সঙ্গে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে দলটি। ভাঙনের নেপথ্যে সরকারি দলের সঙ্গে আঁতাতের অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন গণঅধিকার পরিষদের নেতারা।
জোট ছাড়ার বিষয়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, জোটের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ, অবমূল্যায়নের কারণে দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ ছিলেন। তাঁরা স্বতন্ত্রভাবে রাজপথে থাকতে চান। দলের নেতাকর্মীর এ চাহিদাকে মূল্যায়ন করে জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন। তবে যুগপৎ আন্দোলনে তাঁরা সব দলের সঙ্গে থাকবেন বলে জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁদের জোট ছাড়ার সঙ্গে সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। চলমান আন্দোলনকে আরও গতিশীল করতে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
অবশ্য সরকারবিরোধী চলমান আন্দোলনে সমমনা জোট গণতন্ত্র মঞ্চের ভাঙনের বিষয়ে বিএনপি নেতারা কোনো কথা বলতে রাজি হননি। দলটির লিয়াজোঁ ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা তাঁদের দলের অভ্যন্তরীণ বিষয়। সেখানে কোনো বক্তব্য নেই। তবে তাঁদের চলমান আন্দোলনে গণঅধিকার পরিষদসহ অন্যান্য যে কোনো দল, সংগঠন কিংবা ব্যক্তিকে তাঁরা সব সময়ে সাধুবাদ জানাবেন।
গতকাল শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে শুধু গণতন্ত্র মঞ্চের মধ্যে সীমাবদ্ধ না থেকে যুগপৎ আন্দোলন আরও বেগবান করতে গণঅধিকার পরিষদ কাজ করবে। বৈঠকে ভোটারবিহীন সিটি করপোরেশন নির্বাচনের নামে রাষ্ট্রের অর্থ খরচ করে জনগণের সঙ্গে প্রহসনের নির্বাচন জনগণকে বর্জনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে গণঅধিকার পরিষদের নিজস্ব উদ্যোগে চলমান যুগপৎ আন্দোলনে থাকা সব দলের সঙ্গে রাজপথে সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন বৈঠকে উপস্থিত নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণঅধিকার পরিষদের এমন সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে এখনও পাইনি। তবে গণঅধিকার পরিষদ নেতাদের বেশ কিছু অরাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক তৎপরতা এবং মঞ্চের শৃঙ্খলাবিরোধী কাজের ব্যাপারে শরিক দলগুলোর মধ্যে অস্বস্তি ছিল, আপত্তি আছে। এ নিয়ে বেশ কিছু সমালোচনা আছে। এসব বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিল। আজ রোববার গণতন্ত্র মঞ্চের বৈঠক রয়েছে। ওই বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে গণঅধিকার পরিষদের অসাংগঠনিক আচরণসহ আরও বিষয় আলোচনা হওয়ার কথা। ওই এজেন্ডা তাদের সামনেই ঠিক করা হয়েছে।
জোট নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি সমকালকে বলেন, আজ রোববার তাদের বৈঠকে জোটের নীতিমালা, রূপরেখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। কিন্তু কী কারণে গণঅধিকার পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে, তা তাঁদের জানা নেই।
গত বছরের ৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাতদলীয় জোটের গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ হয়। জোটভুক্ত দলগুলো হলো– জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
জোটের নেতারা জানান, এক লক্ষ্য, এক উদ্দেশ্য নিয়ে পথচলা শুরু হলেও শুরু থেকে তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য সৃষ্টি হয়। জোটে প্রভাব বিস্তার নিয়েও এক ধরনের ঠান্ডা লড়াই শুরু হয় নেতাদের মধ্যে। এর মধ্যে গণঅধিকার পরিষদের ভিপি নুরের দুবাই ও সৌদি আরব সফর এবং সেখানে বিভিন্নজনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সাক্ষাতের ঘটনায় তখন জোটের মধ্যে সন্দেহ ও সংশয় তৈরি হয়। তবে শীর্ষ নেতাদের হস্তক্ষেপে তখন পরিস্থিতি স্বাভাবিক হলেও যুগপৎ কিংবা জোটের নিজস্ব কর্মসূচিতে গরহাজির থাকেন গণঅধিকার পরিষদ নেতাকর্মীরা। এমনকি জোটের কর্মসূচির দিন তাঁরা নিজস্ব কর্মসূচি পালন করা শুরু করেন। নিজেদের কর্মসূচিকেই বেশি গুরুত্ব দিতেন বলে জোটের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে।
অন্যদিকে, গণতন্ত্র মঞ্চের নেতাদের আচরণে গণঅধিকার পরিষদের নেতাকর্মীর মধ্যে অনেকটা হতাশা সৃষ্টি হয়। তাঁরা মনে করেন, জোটে তাঁদের সেভাবে মূল্যায়ন করা হয় না, গুরুত্ব দেওয়া হয় না। সর্বশেষ গণতন্ত্র মঞ্চের ইফতার পার্টিতে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বক্তব্যের সিরিয়াল নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সেখানে রেজা কিবরিয়া বক্তব্য দেননি। সবকিছু মিলিয়ে জোটের মধ্যে কোণঠাসা অবস্থা তৈরি হয় গণঅধিকার পরিষদের। সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় জোট ছাড়লেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।











