স্টিল মিলে দগ্ধ হয়ে শ্রমিক নিহত, আহত ৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জের স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার ভুলতায় অবস্থিত রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড নামের কারখানায় এই ঘটনা ঘটে। এ সময় গলিত লোহায় দগ্ধ হয়ে শংকর নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ভুলতা ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
পুলিশ জানায়, নিহত শ্রমিকের নাম শংকর (৪০)। দগ্ধরা হলেন, জুয়েল (২৫), রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), ইলিয়াস (৩৫), লিয়ন (২০) ও আলমগীর (৩৩)। তারা প্রত্যেকেই ওই কারখানার শ্রমিক। দগ্ধরা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের সকলের শরীরের প্রায় ৯০ থেকে ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। ইব্রাহিমের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ‘লোহা গলানোর কারখানাটি এখনো নির্মাণাধীন। পরীক্ষামূলকভাবে লোহা গলানোর কাজ চলছিল। আজ বিকেল ৩টায় লোহা গলানোর চুল্লিতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর উত্তপ্ত গলিত লোহা পড়ে সাতজন গুরুতর দগ্ধ হন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকিরা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।’











