রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুকুরে ফেলে দিল ছাত্রলীগ!

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আবদুস সালামকে (৫০) মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে। মারধরের পর ওই নেতাকে মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। গতকাল মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলা পরিষদের ভেতরে এ ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা একটার দিকে জমি রেজিস্ট্রি করার জন্য নিজের মোটরসাইকেল নিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে যান আওয়ামী লীগ নেতা খন্দকার আবদুস সালাম। কার্যালয়ে ঢুকতেই তার মোটরসাইকেলের গতিরোধ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান ওরফে পিয়াল।

এ সময় হাসিবুলের ভাই আশিকুর রহমান ওরফে পাভেলসহ ১০ থেকে ১২ জন মিলে খন্দকার আবদুস সালামকে বেদম পিটুনি দেন। একপর্যায়ে হাত-পা ধরে তাকে উপজেলা চত্বরের পুকুরে ফেলে দেন। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পুকুরে ফেলে দেওয়া হয়।

পরে স্থানীয়রা আবদুস সালামকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, শোক দিবস উপলক্ষে গত বছরের ৩১ আগস্ট উপজেলার খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় খন্দকার আবদুস সালাম উপজেলা আওয়ামী লীগের আরেক অংশের যুগ্ম আহ্বায়ক ফরিদা হাসান ওরফে পল্লবীর সমালোচনা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ২৯ সেপ্টেম্বর ফরিদা হাসান বাদী হয়ে খন্দকার আবদুস সালামসহ উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেন। এরই জেরে ফরিদার উপস্থিতিতে তার দুই ছেলেসহ ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে একা পেয়ে পিটুনি দেন।

জানতে চাইলে খন্দকার আবদুস সালাম বলেন, ‘আজ (মঙ্গলবার) আমার একটি জমির দলিল হওয়ার কথা ছিল। এজন্য উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিসে যাই। প্রবেশ করার পরপরই পল্লবীর (ফরিদা) উপস্থিতিতে আমার ওপর হামলা করে তার ছেলেরা। আমাকে মেরে পুকুরে ফেলে দেয়। পুকুরের পানির মধ্যেও ওরা আমাকে মারতে শুরু করে। আমার পরনে পায়জামা ছাড়া সব ছিঁড়ে ফেলেছে। পরে আমার মোটরসাইকেলটিও পুকুরে ফেলে দেয়। আমার পকেটে দলিল খরচের দুই লাখ টাকা, একটি সোনার চেইন, হাতঘড়ি, মুঠোফোন ছিল। মারধরের সময় আমার কাছে যা ছিল, ওরা সব নিয়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মুঠোফোনে বলেন, ‘তিনি (সালাম) সিনিয়র মানুষ, তাকে কেন মারধর করব? আমি রাজনীতি করি, তাই আমার দিকে যে কেউ আঙুল তুলতেই পারে। আমি যখন উপজেলায় যাই, দেখি তিনি পুকুরের ভেতরে। তাকে পুকুর থেকে তুলেছি, সমস্যার কথা শুনেছি। পরে যুবলীগের যুগ্ম আহ্বায়ক খালিদ ভাই তাকে হাসপাতালে পাঠিয়ে দেন। আমি শুনেছি, তিনি (সালাম) কোনো এক লোকের সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ পুকুরে পড়ে গেছেন। তার আগে কিছু ঘটছে কি না, আমি জানি না।’

জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা বলেন, ‘পল্লবী (ফরিদা) ও তার ছেলে পিয়াল (হাসিবুল হাসান), তারা কেউ আওয়ামী লীগ বা কোনো সহযোগী সংগঠনের সঙ্গে নেই। তারা স্থানীয় সংসদ সদস্য শাজাহান লীগের কর্মী। তারাই উপজেলায় মারামারি করে পরিবেশ নষ্ট করছেন। দলে না থেকেও দলের নাম ভাঙিয়ে অপকর্ম করছেন।’

তিনি আরও বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সিনিয়র এক নেতাকে মেরে মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়া জঘন্যতম দুঃসাহস। আমরা আইনিভাবে এর বিচার দাবি করছি। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ বলেন, রাজৈরে আওয়ামী লীগের দুটি পক্ষ। একটি পক্ষ জেলা আওয়ামী লীগের সভাপতির, অন্যটি স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের। মারধরের শিকার আওয়ামী লীগ নেতা সভাপতির অনুসারী। তাকে যারা মারধর করেছেন, তারা সংসদ সদস্যের অনুসারী।

মারধরের শিকার খন্দকার আবদুস সালামের গুরুতর তেমন আঘাত নেই। তবে তাকে চড়থাপ্পড় ও কিলঘুষি মারা হয়েছে। তার হার্টে ওপেন সার্জারি করা। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী