বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ঢামেক প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী শনিরআখড়া টোল প্লাজায় বাসের ধাক্কায় সাব্বির খান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন তার বন্ধু রাজিব (২৫)।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। সাব্বির খান মাতুয়াইল দক্ষিণপাড়া স্থায়ী বাসিন্দা নাজিমুদ্দিনের ছেলে। তিনি ইটা-বালির ব্যবসা করতেন বলে জানা গেছে।
নিহতের বন্ধু ফারহান সাদিক বলেন, গতকাল রাতে সাব্বির খান ও তার বন্ধু রাজিব টিএসসি মোড় থেকে মোটরসাইকেল চালিয়ে কুতুবখালীর বাসায় ফিরছিলেন। তারা শনিরআখড়া ফ্লাইওভার টোল প্লাজার সামনে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। রাজিব এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসটিকে জব্দ করেছে চালক।’











