ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারকে পরাজিত করতে হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক : ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (এ্যাব) ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি এই মন্তব্য করেন। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে কৃষকরা ভালো নেই। তারা যে ফসল উৎপাদন করে সেই উৎপাদন খরচ আজকে তাদের এত হিসাবের বাইরে চলে গেছে যে, তারা কুলিয়ে উঠতে পারছে না। আপনারা দেখেছেন কয়েকদিন আগে এই সরকার যারা আইএমএফের ঋণের কারণে, শর্তের কারণে তারা প্রতি কেজি সারের দাম পাঁচ টাকা বাড়িয়ে দিয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘ধানের দাম যা নির্ধারণ করা হয়েছে, সারের দাম যেভাবে বাড়ছে, উপকরণের দাম যেভাবে বাড়ছে এবং খাদ্যদ্রব্যের দাম এমনভাবে বেড়ে গেছে যে, কৃষকদের পক্ষে কোনোভাবে টিকে থাকা সম্ভব নয়।’
তিনি বলেন,‘ আসুন এই কৃষকদের বাঁচাতে হলে, কৃষিবিদদের বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে, আমাদের অর্থনীতিকে বাঁচাতে হলে আজকে পরির্তন প্রয়োজন। আমরা যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম, একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, সব রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘এই যে জোর করে একটা রাজনৈতিক দল বছরের বছর বছর ক্ষমতায় বসে আছে বিনা নির্বাচনে, অবৈধভাবে জনগণের কোনো সমর্থন না নিয়ে, একটা পর একটা বিভিন্ন আইন করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তার থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করেতে হবে।’
আরও পড়ুন: আওয়ামী লীগ অগ্নি-সন্ত্রাসের হোতা: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব বলেন, ‘আসুন আজকে আমরা যে যেখানে আছি, পেশাজীবী, রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ সবাইকে আহ্বান জানাব- সবাই আন্দোলনে ঝাপিয়ে পড়ি এবং আমাদের দেশকে আরেকবার মুক্ত করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনি, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে বাধ্য করি।’
এ্যাবের আহ্বায়ক রাশিদুল হাসান হারুনের সভাপতিত্বে এ্যাব নেতা ও বিএনপির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীমের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, জহির উদ্দিন স্বপন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কৃষিবিদদের মধ্যে ইব্রাহিম খলিল, ফজলুল হক ভুঁইয়া, ড. সারোয়ার হোসেন, অধ্যাপক রুহুল আমিন, ড. নাজনীন সুলতানা, অধ্যাপক জি কে মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পেশার নেতারা। পরে কৃষিবিদদের নিয়ে ইফতার করেন বিএনপি মহাসচিব।











