খায়রুজ্জামান লিটন ও সাদিক আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক :’ রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের নেতাকর্মীরা।
আজ সোমবার সকাল দুপুর পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তারা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহম্মদ আলী কামাল এবং এনামুল হক এমপি। এ সময় মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুস তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন মহানগরের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ বরিশাল জেলা ও মহানগর এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গত রোববার সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আগামী ১২ এপ্রিল বুধবার বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।











