ওয়ানডে বিশ্বকাপে এমন ঘটনা কখনও ঘটেনি
স্পোর্টস ডেস্ক : ট্রফি সামনে রেখে সোফায় বসে আছেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, এউইন মরগান, সরফরাজ আহমেদ, অ্যারন ফিঞ্চ ও মাশরাফি বিন মোর্তুজা। পাশে আর পেছনে দাঁড়ানো জেসন হোল্ডার, কেন উইলিয়ামসন দিমুথ করুনারত্নে ও গুলবাদিন নাইব। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের আগে ১০ দেশের অধিনায়কের এই ছবিটি বেশ আইকনিক।
চার বছরের ব্যবধানে দরজায় কড়া নাড়ছে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। তবে ২০১৯ সালের সেই অধিনায়কদের মধ্যে কেউই এবার দলকে নেতৃত্ব দিবেন না। এমন ঘটনা ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে আগে কখনও ঘটেটি।
এই সময়ে সেসব অধিনায়কদের খেলা থেকে অবসর, দলের নেতৃত্ব কাঠামোতে পরিবর্তন আনার কারণেই এমনটি ঘটেছে। অধিনায়ক হিসেবে একমাত্র টিকে ছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তবে আইপিএলে চোট পেয়ে বিশ্বকাপ খেলাও ভেস্তে গেছে তার।
নিউজিল্যান্ড এখনও অধিনায়ক নির্বাচন করেনি। তবে উইলিয়ামসনের অনুপস্থিতিতে মাঝেমধ্যেই দলকে নেতৃত্ব দেয়া টম ল্যাথামকেই দেয়া হতে পারে দায়িত্ব। আফগানিস্তানের গুলবাদিন নাইব দলে আসা যাওয়ার মধ্যে আছেন তবে বর্তমানে দলকে নেতৃত্ব দিচ্ছেন হাসমাতউল্লাহ শাহিদি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন অ্যারন ফিঞ্চ, অস্ট্রেলিয়ার দায়িত্ব সামলাচ্ছেন প্যাট কামিন্স।
এদিকে, মাশরাফির জায়গায় বাংলাদেশের দায়িত্বে আছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেয়া মরগ্যানের জায়গায় এখন ইংল্যান্ডের অধিনায়কত্ব সামলাচ্ছেন জস বাটলার। ২০২১ সালের শেষদিকেই কোহলিকে সরিয়ে ভারতের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে রোহিত শর্মাকে। আর ২০২০ সালের মে মাস থেকে সরফরাজের জায়গায় ওয়ানডে অধিনায়কত্ব করছেন বাবর আজম।
দশ দলের মূল বিশ্বকাপ আসরে এবার বাছাইপর্ব খেলে আসতে হবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে। নেতৃত্বে পরিবর্তন এনেছে এই দুই দেশও। শ্রীলঙ্কায় করুনারত্নের বদলে দায়িত্বে আছেন দাসুন শানাকা। আর ওয়েস্ট ইন্ডিজে জেসন হোল্ডারের জায়গায় কিয়েরন পোলার্ড ও নিকোলাস পুরানের পর বর্তমানে নেতৃত্বে আছেন শাই হোপ। এদিকে, এখনও মূল পর্ব নিশ্চিত করতে না পারা দক্ষিণ আফ্রিকার বর্তমান নেতৃত্বে আছেন টেম্বা বাভুমা।
সবকিছু ঠিক থাকলে ভারতে আগামী ৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপ।











