ব্যস্ত মার্কেট এখন ধ্বংসস্তূপ
ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করতে আজ থেকে মাঠে নামবে ফায়ার সার্ভিস ।। ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা
ইউসুফ সোহেল
ঈদ সামনে রেখে ক্রেতাদের পদচারণায় দুদিন আগেও মুখরিত ছিল বঙ্গবাজার কমপ্লেক্স। গত মঙ্গলবার সকালের অগ্নিকাণ্ডে সেই কমপ্লেক্স নিশ্চিহ্ন হয়ে গেছে, পরিণত হয়েছে ছাইয়ের গাদাভর্তি সমতলভূমিতে। কয়েক ঘণ্টার আগুনে ছাই হয়ে গেছে হাজারো ব্যবসায়ীর আয়ের উৎস। আগুনের লেলিহান শিখায় শেষ হয়ে গেছে বঙ্গবাজার কমপ্লেক্সের সাতটি মার্কেট। এর মধ্যে চারটি পুরোপুরি ও তিনটি আংশিক। দেশে কাপড়ের অন্যতম পাইকারি এ মার্কেটে আগুন লাগার পর ব্যবসায়ীরা যৎসামান্য মালামাল বের করতে পারলেও পুড়ে ছাই হয়ে গেছে প্রায় সবই।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের গতকালও দেখা গেছে ধ্বংসস্তূপ হাতড়িয়ে ভালো কাপড়ের খোঁজ করতে; ব্যবসার শেষ সম্বলটুকু খুঁজছেন তারা। পুড়ে যাওয়া দোকানের সামনে দাঁড়িয়ে আহাজারি করছিলেন অনেকেই। পোড়া এনেক্সকো মার্কেটের ব্যবসায়ীরা আগুন থেকে বেঁচে যাওয়া ও বাঁচানোর জন্য মালামাল উদ্ধারে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন
দিন-রাত। সেখানকার বাতাসে এখনো পোড়া গন্ধ। সবহারা মানুষগুলো এখন তাকিয়ে আছেন প্রধানমন্ত্রীর দিকে। সরকারপ্রধানের সহযোগিতা কামনা করছেন তারা।
জানা গেছে, অগ্নিঝুঁকিতে থাকা রাজধানীর সহস্রাধিক মার্কেটের তালিকায় ছিল বঙ্গবাজার কমপ্লেক্সও। কিন্তু সংশ্লিষ্টরা বিষয়টি আমলে না নেওয়ায় ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা। গতকাল রাত পর্যন্ত বঙ্গবাজার কমপ্লেক্সে লাগা আগুনের উৎস নিয়ে ধোঁয়াশা কাটেনি। কেউ বলছেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। কেউবা বলছেন, উদ্দেশ্যমূলকভাবে মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছে কোনো চক্র। সড়কের উল্টোপাশেই অবস্থিত ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।
বঙ্গ ইসলামিয়া মার্কেটের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, বঙ্গ মার্কেটের পোড়া মালামাল এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সবকিছু পুড়ে গেছে। আশপাশের দরিদ্র ও ছিন্নমূল মানুষরা এসে এসবের মধ্যে বেছে দেখছে ব্যবহার করার মতো ভালো কিছু পাওয়া যায় কিনা। আমরা এসব পোড়া মালামাল সরিয়ে এক জায়গায় করে রাখছি, সিটি করপোরেশনের ময়লার গাড়ি এসে এগুলো নিয়ে যাবে।
বঙ্গবাজার মার্কেটে মঙ্গলবার সকাল সোয়া ৬টায় আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আসে ছয় ঘণ্টারও বেশি সময় পরে। গতকাল চলছিল ডাম্পিং ডাউনের (সম্পূর্ণ নির্বাপণ) কাজ। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ ও ডাম্পিংয়ের ব্যস্ত ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। এদিকে গতকাল সকাল ১০টার দিকে সরেজমিন ঘটনাস্থল ঘুরে দেখা যায়, এনেক্সকো টাওয়ারের আগুন ৩০ ঘণ্টা পরও নেভেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা টাওয়ারের পঞ্চম তলার একাংশে পানি ছিটাচ্ছেন। পূর্বদিকের ৫ম তলায় এবং দক্ষিণ-পশ্চিম কোণের ৪র্থ তলায়ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি বিশেষ গাড়ির মাধ্যমে পানি ছিটানো হচ্ছিল। ব্যবসায়ীদের দেখা গেছে, পোড়েনি যেসব মালামাল, সেগুলো সরিয়ে নিতে। এনেক্সকো টাওয়ারে একটু পরপর ধোঁয়া বের হতে দেখা গেছে দুপুরেও।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান গতকাল দুপুরে বলেন, অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত এলাকায় এখন ডাম্পিং ডাউনের কাজ চলছে। খোলা জায়গায় আগুন না থাকলেও এনেক্সকো টাওয়ারের ৫-৭ তলায় কিছু আগুন রয়েছে। যেহেতু ভেতরে কাপড়ের গোডাউন রয়েছে, সেহেতু সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে পানি ছিটানো হচ্ছে। আগুন নির্বাপণে নিরলস পরিশ্রম করে যাচ্ছে ফায়ারের কর্মীরা। মধ্যরাতে কিছু বহিরাগত মানুষ আগুন লাগা মার্কেটে এসে বিভিন্ন জিনিসের খোঁজ করেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবস্থা নেয়।
এনেক্সকো টাওয়ারের ইমরান গার্মেন্টসের কর্মী হাবিবুর রহমান জানান, ভবনটির ওপরে শুধু কাপড়ের দোকান। সেখানে কাপড়ের গোডাউন থাকায় অনবরত ধোঁয়া বের হচ্ছিল। এ ছাড়া অবশিষ্ট মালামালের যেন ক্ষতি কম হয়, তাই পানি ছিটাচ্ছে ফায়ার সার্ভিস। এর মধ্যেই আমরা দোকানগুলোর মালামাল বের করার চেষ্টা করছি।
এনেক্সকো ভবনের চারতলায় নিপুণ গার্মেন্টসের মালিক আবুল হোসেন ভবনটির উত্তর পাশের সড়কে দাঁড়িয়ে নামিয়ে আনা মালামাল গুনছিলেন। মালগুলো ট্রাকে উঠানোর জন্য অপেক্ষাকালে তিনি বলেন, আমার দোকান পোড়েনি। ওইপাশের দোকান সব পুড়ে গেছে। এখন মালামাল সরাচ্ছি। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। অন্যদেরও খুবই সহযোগিতা পেয়েছি।
কান্নাজড়িত কণ্ঠে বঙ্গবাজারের ব্যবসায়ী মো. ইউসুফ বলেন, আমাদের চারটা দোকান ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার আর কিছুই করার নেই। সামনে ঈদ সবাই আমার দিকে তাকিয়ে ছিল একদিনেই সব শেষ হয়ে গেল। ব্যবসায়ী সাইজুদ্দিন বলেন, ১৪ থেকে ১৫ লাখ টাকার গার্মেন্টসের মালামাল ছিল আমার দোকানে। সব পুড়ে গেছে। রবিউল্লাহ নামের আরেক ব্যবসায়ী জানান তার দুটি দোকানে ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে গেছে, তিনি নিঃস্ব হয়ে গেছেন।
এনেক্সকো টাওয়ারের ৩য় তলায় কাপড়ের দোকানের ম্যানেজার আলমাছ আলী বলেন, মার্কেটটিতে গার্মেন্টস প্রোডাক্ট আর শাড়ির দোকান বেশি। সবই তো পুড়েছে অনেকের, আবার কারও কারও কিছু মাল অবশিষ্ট রয়ে গেছে। তাই সবাই তাদের অবশিষ্ট মালামাল সরিয়ে নিচ্ছে। কর্মীরা এসব মালামাল বস্তায় ঢুকিয়ে নিচে ফেলছে। আর সেখান থেকে ভ্যান, পিকআপে করে এগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।
বঙ্গবাজারের কাপড় ব্যবসায়ী একরাম বলেন, আমার লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কিছু বের করে আনতে পেরেছিলাম, সেগুলো চুরি হয়ে গেছে। ঈদের জন্য সব পুঁজি খাটিয়ে নতুন মালামাল তুলেছিলাম, আগুনে সব পুড়ে শেষ হয়ে গেছে। তিনি বলেন, আমার খালাতো ভাইয়েরও দোকান আছে। তার দোকান থেকে যা বের করে আনতে পেরেছি তাও চুরি হয়ে গেছে।
সরেজমিন দেখা গেছে, অনেক ব্যবসায়ী আগুন থেকে রক্ষা পাওয়া কিংবা কিঞ্চিৎ পুড়ে যাওয়া মালামাল মাথায় করে সরকারি কর্মচারী হাসপাতাল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে নিয়ে গিয়ে জড়ো করছেন। সাব্বির নামে এন ব্যবসায়ী বলেন, অনেকে হালকা পোড়া বা ভিজে যাওয়া কাপড় নিয়ে গেছে আমরা কিছু বলিনি। খুবই দুঃখ লেগেছে আমার ভালো মালামালের বস্তাটা চুরি হয়ে যাওয়ায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শহিদুল হক মজুমদার বলেন, আমার দোকান আগুন লাগার জায়গা থেকে অনেক দূরে ছিল। এখন সব পুড়ে ছাই। ফায়ার সার্ভিস ঠিক সময়ে কাজ করতে পারলে আমার দোকান পুড়ত না। দোকানে ৮ লাখ টাকার মাল ছিল। সব শেষ। এখন যদি আমাকে আগের দোকানের জায়গা বরাদ্দ দেয় তাহলেও নিজের ঘুরে দাঁড়াতে পারব। ঈদ্রিস খান নামের এক ব্যবসায়ী বলেন, বঙ্গবাজারে চার থেকে পাঁচ হাজার দোকান রয়েছে। এখানে হাজার হাজার দোকান কর্মচারী কাজ করেন। সবাই আজ নিঃস্ব, রিক্ত। অনেকে পথের ভিখারি হয়ে গেছেন। সহযোগিতা না পেলে আমাদের অনেকের না খেয়ে মরতে হবে। তাই যত দ্রুত সম্ভব মার্কেট সংস্কার করে পুনরায় চালুর দাবি জানাচ্ছি। ব্যবসায়ী সুহেল মুন্সি বলেন, ব্যাংকের ঋণ মওকুফ করে দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা যেন আবার এখানে ব্যবসা করতে পারি সেই ব্যবস্থা করে দেওয়া হোক।
বঙ্গবাজারের সামনে হোসপাইপের পানিতে ডুবে থাকা স্তূপ হাতড়ে আংশিক পোড়া কাপড় তুলছিলেন আমেনা বেগম। সঙ্গে ৫ বছর বয়সী নাতনি। আমেনা বলেন, যদি দু-একটা ভালো কাপড় পাই, তাইলে নিজেও পরতি পারব, ছেলেমেয়েরাও পরতি পারবে।
প্রধানমন্ত্রীর সহায়তা কামনা
ধ্বংসস্তূপে পরিণত মার্কেটের সামনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা গতকাল বেলা ১১টার দিকে বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির ব্যানারে অবস্থান নেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত মার্কেট সংস্কার করে পুনরায় তাদের ব্যবসা শুরু করতে প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় সহায়তা কামনা করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গবাজারের ব্যবসায়ীদের পক্ষে লুৎফর রহমান বলেন, আমরা আজ চরম অসহায়। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, অগ্নিকা-ে সহায়সম্বল হারানোদের যেন তিনি সহযোগিতা করেন। আমরা এখানে যেন আবার ব্যবসা শুরু করতে পারি, এ জন্য প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাই।
জরিপ চালাতে আজ থেকে মাঠে নামছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ
রাজধানীতে আগুন লাগার ঝুঁকি আছে এমন মার্কেট চিহ্নিত করতে আজ বৃহস্পতিবার থেকে মাঠে নামবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ভয়াবহ আগুনে ঢাকার কাপড়ের সবচেয়ে বড় মার্কেট বঙ্গবাজার পুড়ে ছাই হওয়ার পরদিন গতকাল বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সদর দপ্তরে এক ব্রিফিংয়ে জানান, রাজধানী সুপার মার্কেট ও গাউছিয়া মার্কেটসহ রাজধানীতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে। আমরা বৃহস্পতিবার থেকে এসব মার্কেটে সার্ভে শুরু করব। এসব মার্কেটে বিএমডিসি কোড অনুযায়ী প্রবেশ কিংবা বাহির হওয়া এবং অগ্নিনির্বাপণে যে ব্যবস্থা থাকার কথা, আমার কাছে আপাতদৃষ্টিতে তা মনে হচ্ছে ঝুঁকিপূর্ণ। মার্কেটের মালিকপক্ষকে নিয়েই এ সার্ভে করা হবে এবং পরবর্তী করণীয় জানানো হবে। জরিপের ফলাফল তাৎক্ষণিকভাবেই জানানো হবে।
দুপুর ১টায় অধিদপ্তরের প্রধান ফটকে সাংবাদিকদের তিনি বলেন, বঙ্গবাজার মার্কেটে এখনো আগুন আছে। আগুন নির্বাপণে এখনো ফায়ারের ১২টি ইউনিট কাজ করছে। এনেক্সকো ভবনের ৫ ও ৬ তলায় গোডাউন রয়েছে। সেখানে এখনো মাঝে মাঝে আগুন দেখা যাচ্ছে। সেখানে আমাদের দপ্তরের কর্মীরা তৎপর রয়েছে। তিনি বলেন, শুধু সরকারি স্থাপনাই নয়, প্রত্যেকটা স্থাপনাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে এক এক জায়গায় কাজ করেছি। একসঙ্গে একশ ফায়ার ফাইটার জড়ো হলেও সেটা কাজের জন্য কিন্তু অন্তরায়। পুলিশ সদর দপ্তরের একটি তিনতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সদর দপ্তরের পাশেই এনেক্সকো টাওয়ারের বর্ধিত ভবনটি পোড়েনি। সেটা কিন্তু আমরা রক্ষা করেছি।
আগুন নির্বাপণে পানির সংকটের অভিযোগ প্রায়ই শোনা যায়। এমন প্রশ্নের উত্তরে ফায়ার ডিজি বলেন, ঢাকা শহরের বর্তমান অবস্থা আপনারা জানেন। আমরা রাজউক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আগামী সপ্তাহে বসে বিএমডিসি কোড যেন মেনে চলার ব্যবস্থা করা যায়, সেটা করব। একটি পরিকল্পিত নগরায়ণের জন্য ওয়াটার হাইড্রেন থাকা অত্যন্ত জরুরি। অগ্নিনির্বাপণে অতি জরুরি হলেও ঢাকা শহরে মিল ফ্যাক্টরি ছাড়া কোথাও ওয়াটার হাইড্রেন নেই বললেই চলে। এনেক্সকো টাওয়ারের যেখানেই আগুনের আলামত দেখা যাচ্ছে সেখানেই পানি ছিটানো হচ্ছে। মালামাল সরিয়ে আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
গতকাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আগুনের প্রকৃত উৎস আমরা এখনো খুঁজে বের করতে পারিনি। মালামাল বের করতে গিয়ে দেখা যাচ্ছে এখনো কোথাও কোথাও আগুন জ্বলছে, ধোঁয়া হচ্ছে। পুরোপুরি নেভাতে না পারলেও আগুন সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে এখনো ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আমাদের পানির স্বল্পতা রয়েছে। কাছাকাছি পর্যাপ্ত পানি না পাওয়ার কারণেও আগুন নেভাতে দেরি হচ্ছে। একটি ভবনে ১০ হাজার লিটার পানি রিজার্ভ করার কথা সেখানে ৫ হাজার পাওয়া যাচ্ছে। তারা লাইসেন্স নিয়েছে ১০ হাজার লিটারের অথচ রিজার্ভ করছে ৫ হাজার। এ জন্যা আমাদের আগুন নেভাতে বেগ পোয়াতে হচ্ছে। তবে আমরা আশা করি, আজকের মধ্যে আগুন পুরোপুরি নেভাতে পারব। আমাদের ফায়ার ফাইটারা রাত-দিন কাজ করে যাচ্ছেন। প্রতিটি জায়গায় তারা অবস্থান করছেন। ভবন থেকে মালামাল বের করতে তারা সর্বোচ্চ সহযোগিতা করছে। সব মালামাল বের করতে পারলেই আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে পারব। গতকাল ফায়ার সার্ভিসের আট সদস্য আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ছয়জন শঙ্কামুক্ত। ভবনগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এনেক্সকো টাওয়ারের বিভিন্ন পিলারে ফাটল ধরেছে। পরীক্ষা-নিরীক্ষা এবং রাজউকের অনুমতি ছাড়া ভবনগুলো পুনরায় ব্যবহার করা যাবে না বলেও জানান পরিচালক তাজুল ইসলাম।











