যেমন হতে পারে বাংলাদেশ একাদশ
স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যেই সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। প্রথম দুই ম্যাচে বড় জয় নিয়ে সিরিজ নিশ্চিত করেছে ২-০ ব্যবধানে। এবার স্কোরবোর্ডটা ৩-০ করতে মরিয়া সাকিব বাহিনী। সেখানেই একাদশে প্রথমবার দেখা যেতে পারে রিশাদকে, নাসুম আহমেদের বদলে জায়গা পেতে পারেন তিনি।
বল হাতে নাসুম আহমেদের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। এই বছরে চারটি টি-টোয়েন্টি ম্যাচে উইকেট তার মোটে একটি। এই সময়ে নয় ওভার বল করে দিয়েছে প্রায় শতরান (৯৯), ইকোনমিও আকাশ ছুঁই ছুঁই ১১। এমনকি শেষ ম্যাচে তাকে এক ওভারের বেশি বল দেননি সাকিব, সেই ওভারেও অবশ্য ১৮ রান দিয়েছেন নাসুম। ফলে তার বদলে রিশাদকে দেখতে পাওয়াটা সময়ের অপেক্ষা মাত্র।
এদিকে গত ১৪ মার্চ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের শিকার হয়ে ফিরেছে ইংল্যান্ড দল। ১৬ দিনের মধ্যে একই পরিস্থিতির সামনে টিম আয়ারল্যান্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের মতো জয়ের ধারা যদি আজও আইরিশদের বিপক্ষে বজায় থাকে, নির্ঘাত সাকিব আল হাসানের দলের আরেকটি ধবলধোলাইয়ের গল্প লেখা কঠিন কিছু নয়।
অপরদিকে, স্বস্তির জয় কিংবা মান বাঁচাতে যে অনুশীলন প্রয়োজন, শেষ দুই টি-টোয়েন্টির আগে একেবারেই দেখা যায়নি আইরিশ ক্রিকেটারদের মাঝে। গতকাল অনুশীলনের কথা থাকলেও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা ছিলেন বিশ্রামে। টেস্ট দলের চার-পাঁচজন খেলোয়াড় সকালে এসে জহুর আহমেদ স্টেডিয়ামে অনুশীলন করে গেছেন।
অনুশীলন শেষে আয়ারল্যান্ডের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা টেস্ট দলের পিটার মুর বলেছেন, ‘আমি টি-টোয়েন্টি দলের বাইরের ক্রিকেটার। এটা নিয়ে তেমন কিছু বলতে পারব না। তবে শেষ ম্যাচে জিততে পারলেও দলে একটা পরিবর্তন আসবে। টেস্টের আগে ভালো একটা সময় পাব।’











