রুনির চোখে রোনালদো ‘কিংবদন্তি’
স্পোর্টস ডেস্ক : সর্বশেষ কাতার বিশ্বকাপে জাতীয় দলে ম্যাচের পর ম্যাচ ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ। তার সঙ্গে কোচের এই নেতিবাচক সম্পর্ক পীড়া দিয়েছিল রোনালদো হেটার্সদেরও। কেননা ফুটবল তারকা তার প্রাপ্য সম্মান পাচ্ছিলেন না। তবে সেই ধারায় হাঁটছেন না পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজ। বয়স বাড়লেও যে রোনালদো ফুরিয়ে যাননি মার্টিনেজ সেটি বুঝেছেন। ম্যাচে তার প্রতিদানও দিয়েছেন এই মহাতারকা।
রোনালদো কঠিন সময়টিতে বেশি নিগ্রহের শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। কোচ এরিক টেন হাগের সঙ্গে তার দা-কুমড়া সম্পর্ক তৈরি হয়েছিল। ফলে ক্লাবটি থেকে রোনালদোর বিদায়টা সুখকর হয়নি। গত বছর শেষের দিকে ইউনাইটেডের বিরুদ্ধে পিয়ার্স মরগানকে সাক্ষাৎকার দেওয়ায় তার সঙ্গে চুক্তি বাতিল করে ক্লাব কর্তৃপক্ষ। সুখকর বিদায় না হওয়ায় অনেকের চোখে রোনালদো হয়ে যান ‘ভিলেন’। তবে ওয়েইন রুনির চোখে পর্তুগিজ এই তারকা ফুটবলার একজন ‘কিংবদন্তি’।
সাবেক ইংলিশ তারকা ফুটবলার রুনি ম্যান ইউ’র হয়ে রোনালদোর কীর্তি স্মরণ করিয়ে দেন। তার মতে, ‘আমার মনে হয় সে (রোনালদো) যা চেয়েছে, তাই পেয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য যা করেছে, সত্যিই অসাধারণ। সে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ জিতেছে এবং অনেক গোল করেছে। ভক্তরা এবং সাবেক সতীর্থ আমরা যারা ছিলাম, কখনোই ভুলব না ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সে যা করেছে। আমার চোখে সে ক্লাব কিংবদন্তী।’
২০০৩ থেকে ২০০৯ এবং ২০২১ থেকে ২০২২-এই দু’দফায় রোনালদো খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। দুই দফায় পর্তুগিজ তারকা করেছেন ১৪৫ গোল এবং ৩৪৬ ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যে তিনটি প্রিমিয়ার লিগ, দুটো লিগ কাপ, একটি করে চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, এফএ কমিউনিটি শীল্ড এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড।











