সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ উপজেলায় ম্যালেরিয়ামুক্ত ঘোষণা আটকে আছে

news-image

নিউজ ডেস্ক : বাহকদের অসচেতনতা, গতানুগতিক উপায়ে নির্মূল কার্যক্রম পরিচালনা এবং আন্তঃসীমান্ত সমন্বয়হীনতার কারণে গত ৫০ বছরেও ম্যালেরিয়ামুক্ত হতে পারেনি বাংলাদেশ। করোনার গত দুই বছরে শনাক্ত (ডায়াগনোসিস) কম হওয়ায় রোগীর সংখ্যা কমেছিল। তবে আবারও পুরনো রূপে ফিরেছে ম্যালেরিয়ার চিত্র।

এখনো দেশের ১৩ জেলায় মশাবাহিত এই রোগের প্রকোপ রয়েছে। গত দুই বছরে যেসব জেলায় শূন্যের কোটায় নেমেছিল, আবারও সেখানে সংক্রমণ ঘটছে। যদিও আক্রান্তের সংখ্যা কম। তবে বাংলাদেশকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণা করতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে পাহাড়ি জেলা বান্দরবানের তিন উপজেলা। দেশে যত ম্যালেরিয়ার রোগী, তার ৮৫ ভাগই জেলাটির লামা, আলীকদম ও থানচি উপজেলায়।

সংশ্লিষ্টরা বলছেন, ম্যালেরিয়া নির্মূলে নতুন কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। বর্তমানে যে গতিতে চলছে, তাতে ২০৩০ সালের মধ্যে নির্মূলের যে লক্ষ্যমাত্রা- তাতে পৌঁছানো অনেকটা অসম্ভব। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ) বলছে, অতিমারী করোনাকালে মানুষের যাতায়াত কমার পাশাপাশি অনেক এলাকায় কার্যক্রমও ব্যাহত হয়। ফলে ডায়াগনোসিস কমে যাওয়ায় রোগীও কমেছে। তবে গত বছর থেকে আবারও করোনা পূর্বকালের অবস্থায় ফিরেছে ম্যালেরিয়া।

২০২১ সালে সারাদেশে যেখানে সাত হাজারের সামান্য বেশি রোগী শনাক্ত হয়, সেখানে ২০২২ সালে এসে ১৮ হাজার ১৬৭ জনে দাঁড়িয়েছে। যা আগের বছরের তুলনায় আড়াইগুণ বেশি। শুধু আক্রান্ত নয়, গত এক বছরে প্রাণহানির সংখ্যাও বেড়েছে। ২০২১ সালে ৯ জনের মৃত্যু হলেও গত বছর মারা গেছেন ১৪ জন। যা আগের বছরের দেড়গুণ বেশি। ২০২২ সালে ডায়াগনোসিস হয়েছে ৭৫ হাজার ২৩৭ জনের।

প্রকোপ সবচেয়ে বেশি বান্দরবানে। এ জেলার তিন উপজেলায় ৮৫ ভাগের বেশি রোগী। জেলার সবচেয়ে দুর্গম এলাকা হওয়ায় সেখানে ঠিক তো ডায়াগনোসিস করা ও চিকিৎসা দিতে পারছেন না স্বাস্থ্যকর্মীরা। এ ছাড়া রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজারও ম্যালেরিয়ার উচ্চ ঝুঁকির তালিকায়। আর সংখ্যায় কম হলেও এখনো ম্যালেরিয়া রয়েছে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়।

করোনার সময়ের দুই বছরে কুড়িগ্রাম ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে শূন্যের কোটায় চলে এলেও আবারও সেখানে প্রকোপ বাড়ছে। যা রীতিমতো উদ্বেগের বলছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ) ডা. ইকরামুল হক বলেন, আন্তঃসীমান্তের কারণে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। মশার আবাস্থল এখন পাহাড়ি জেলায়গুলো। বিশেষ করে বান্দরবান। এ জেলার তিনটি থানায় সবচেয়ে বেশি। এসব এলাকা মিয়ানমারের সঙ্গে যুক্ত। এপারে কার্যক্রম চালালেও সীমান্তের ওপারে কতটুকু হচ্ছে, সেটাও নির্ভর করে। কিন্তু সেখানকার অবস্থা আমরা জানতে পারছি না। দেশটির ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সেখানকার চলমান রাজনৈতিক অস্থিরতার সমাধান না হওয়া পর্যন্ত কোনো দেশের সঙ্গে কাজ করতে পারবে না বলে জানিয়েছে। তবে ভারতের সঙ্গে চারটি সভা হয়েছে। তারা এক সঙ্গে কাজ করতে রাজি হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদ- অনুযায়ী, কোনো এলাকায় পরপর তিন বছর ম্যালেরিয়ার স্থানীয় সংক্রমণ না থাকলে, সেই এলাকাকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণা করা যেতে পারে। সে অনুযায়ী গত চার বছরে ম্যালেরিয়াপ্রবণ ১৩ জেলার দুই-তৃতীয়াংশ উপজেলায় কোনো ম্যালেরিয়া রোগী পাওয়া যায়নি। বাকি ৫১ জেলা আগে থেকেই ম্যালেরিয়ামুক্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, নানা কর্মসূচির পরও কাক্সিক্ষত পর্যায়ে ম্যালেরিয়া নির্মূল করতে না পারায় কারণ উদ্ঘাটনে সরেজমিনে তদন্তে নামে অধিদপ্তরের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মকর্তারা। তদন্তে বেরিয়ে আসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি যারা বনে যান, কৃষিকাজ করেন এবং স্থানীয় মোরো সম্প্রদায়ের জীবনাচারের কারণে সেখানে অন্যান্য এলাকার চেয়ে প্রকোপ বেশি। অধিক সময়ে তারা ছোট পোশাক পরায় এবং ঘন ঘন স্থান পরিবর্তন করায়ও সংক্রমণ দ্রুত বাড়ছে সেখানে।

এ জন্য নতুন কর্মকৌশল নির্ধারণ করেছে সরকার। আক্রান্তদের অন্যান্য চিকিৎসা দেওয়ার পাশাপাশি মশারিতেও পরিবর্তন আনা হচ্ছে। দেওয়া হবে ভ্যাকসিনও। আগামী মে মাসের দিকে বান্দরবানের অধিক সংক্রমণ এলাকাগুলোর জনগোষ্ঠীর ওপর পরীক্ষামূলক ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এসব কার্যক্রম বেশিরভাগ বাস্তবায়ন করে থাকে বেসরকারি সংস্থা ব্র্যাক। সংস্থাটির নিজস্ব স্বাস্থ্যকর্মীরা মাঠপর্যায়ে সরসারি এই কাজে সম্পৃক্ত। পাহাড়ের মানুষের হাতের কাছে হাসপাতাল না থাকায় ব্র্যাকের স্বাস্থ্যকর্মীরা এই দায়িত্ব পালন করেন। শনাক্তকরণে আলাদা ল্যাবরেটরি, স্বাস্থ্যসেবিকা, স্বাস্থ্যকর্মী ও প্রোগ্রাম অফিসার রয়েছে ব্র্যাকের।

ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উপদেষ্টা ডা. মুশফিকুর রহমানের। তার নেতৃত্বে নতুন কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে।

ডা. মুশফিক আমাদের সময়কে বলেন, ‘ম্যালেরিয়া নিয়ন্ত্রণের প্রধান চ্যালেঞ্জ বান্দরবান। তাই আলাদা করে সেখানে গবেষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিআইএস পদ্ধতি ব্যবহার করে দশজনের একটি টিম তৈরি করা হয়েছে। আমরা দেখেছি, আক্রান্তদের মধ্যে যারা নিয়মিত বনে যান, জুম ও কৃষির সঙ্গে জড়িত, তাদের মাধ্যমেই মূলত ট্রান্সমিশন বেশি হচ্ছে।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে যাতে এটি না হয়, সে জন্য এই শ্রেণি-পেশার মানুষের প্রথম গ্রাম চিহ্নিত করেছি। এ বছর চারটি গ্রামে ম্যালেরিয়ার ওষুধের পাশাপাশি প্রথমবারের মতো ভ্যাকসিন ট্রায়ালের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২২ মার্চ এ ব্যাপারে একটি সভা হওয়ার কথা রয়েছে। সেখানেই দিনক্ষণ ও টিকা প্রদানের প্রক্রিয়া ঠিক করা হবে। একই সঙ্গে প্রতি দুই সপ্তাহ পরপর সেখানে ডায়াগনোসিস করা হবে।’

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ব্রিটিশ আমল থেকে ম্যালেরিয়া রোগের প্রকোপ চলে এলেও ২০০৭ সাল পর্যন্ত এটি নির্মূলে অর্থের চরম ঘাটতি ছিল। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো এগিয়ে না আসায় সরকারও সেভাবে গুরুত্ব দেয়নি। তবে ২০০৮ সাল থেকে সরকারের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও অর্থায়ন করে আসছে। কখনো পাঁচ বছর, কখনো তিন বছরের জন্য এক সঙ্গে বিভিন্ন অংকে এই অর্থ দিচ্ছে সংস্থাটি। এখন পর্যন্ত সংস্থাটি ১২৩ মিলিয়ন ডলার বা ১২ কোটি ৩০ লাখের বেশি টাকা দিয়েছে। ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত আরও দুই কোটির বেশি ডলার দেওয়ার কথা রয়েছে। তবে এরপর থেকে অর্থায়ন বন্ধ করে দিতে পারে বলে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। এ জন্য নতুন করে তহবিল সংগ্রহে কাজ চলছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক (সংক্রামক) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, ‘ম্যালেরিয়ামুক্ত হতে হলে একক কার্যক্রম দ্বারা সম্ভব নয়। ভারত ও মিয়ানমারের সহযোগিতা লাগবে। এ ছাড়া নির্মূল সম্ভব নাও হতে পারে। এক্ষেত্রে ভারতের সঙ্গে বসা গেলেও সমস্যা হচ্ছে মিয়ানমারকে নিয়ে। পাশাপাশি কক্সবাজার ও চট্টগ্রামে পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে ফেলেছে রোহিঙ্গারা। এ জন্য আমরা কৌশলগত পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছি।’

জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, ‘ম্যালেরিয়া পরিস্থিতির উন্নতি যে হয়নি সেটি বলা যাবে না, তবে প্রত্যাশিত মাত্রায় নয়। এখনো বেশ কয়েকটি জেলায় এটির প্রকোপ রয়েছে। বিশেষ করে বান্দরবান ও খাগড়াছড়ির মতো জেলাগুলোতে। আবার যেসব এলাকায় বেশি, সেখানে স্বাস্থ্যকর্মীরা পৌঁছাতে পারছেন না। ফলে যে গতিতে চলছে তাতে ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল ৭০ থেকে ৮০ ভাগ হতে পারে, শতভাগ নয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী