৪ নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা
নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতা, সমাজকল্যাণ, ব্যবসায় উদ্যোগ ও ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য চার কৃতী নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২২’। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে গতকাল শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাঁধুনী’ প্রায় দেড়যুগ ধরে এই পুরস্কার দিয়ে আসছে। এবারের আয়োজনে সাফ গেমসসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী, জাতীয় পর্যায়ে সংগঠক বিচারক হিসেবে সুনাম অর্জনকারী খুলনার রেহানা পারভীন পেয়েছেন কীর্তিমতী ‘ক্রীড়াবিদ’ সম্মাননা।
প্রায় ১০ বছরের সাংবাদিকতা জীবনে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রশাসনিক ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ খাত, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন লিখে সমাজে দৃশ্যমান পরিবর্তনে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে রংপুরের আলোচিত সাংবাদিক লাবনী ইয়াসমিন পেয়েছেন কীর্তিমতী ‘সাংবাদিক’ সম্মাননা।
কুটির ও বস্ত্র শিল্পসহ বিভিন্ন ব্যবসায় উদ্যোগের মাধ্যমে শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং প্রতিবন্ধী নারীদের পুনর্বাসনে নিরলস কাজ করে যাওয়া বরিশালের অন্যতম সফল উদ্যোক্তা নাজমুন নাহার রীনা পেয়েছেন কীর্তিমতী ‘উদ্যোক্তা’ সম্মাননা।
বাল্যবিবাহ, যৌতুক ও মাদকবিরোধী কর্মসূচি এবং নারী-শিশুর পরিচর্যা, মানসিক স্বাস্থ্য, বনায়ন, স্যানিটেশন ও মানবসম্পদ উন্নয়ন সহ সমাজ পরিবর্তনমূলক কর্মকাণ্ডের পাশাপাশি শতাধিক অসহায়, নির্যাতিত, প্রতিবন্ধী ও গৃহহীন নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ প্রদানকারী ময়মনসিংহের সেলিনা আক্তার পেয়েছেন কীর্তিমতী ‘হিতৈষী’ সম্মাননা।
সম্মাননা পাওয়া নারীদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান, উইমেন এন্ট্রাপ্রেনারস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন, দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, ওয়ান্ডার ওমেনের প্রতিষ্ঠাতা সাবিরা মেহরিন ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম।
এবারের নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত, ব্যাবসায়িক প্রতিষ্ঠান গুটিপার ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা মিজি, ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মনিরা রহমান, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মোতফা মামুন ও প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান ডিক্যাস্টালিয়ার পরিচালক সাবিলা ইনুন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের চারপাশে এমন অনেক নারী আছেন যারা নিজেদের শ্রম ও কার্তিকে কাজে লাগিয়ে নিজেদের পাশাপাশি আরো অনেক নারীর জীবন বদলে দিতে অবদান রেখেছেন। সাংবাদিকতা, সমাজকল্যাণ, ব্যবসায় উদ্যোগ এবং ক্রীড়াক্ষেত্রে এমনই অভাবনীয় কীর্তির সাক্ষর চার নারীর হাতে তুলে দেয়া হচ্ছে রাঁধুনী কীর্তিমতী সম্মাননা।’
তিনি আরো বলেন, ‘রাঁধুনী প্রায় দেড়যুগ ধরে নিয়মিত এই পুরস্কার প্রদান করে আসছে। গতবছরের আগ পর্যন্ত দেশের নানা অঞ্চল থেকে সাংবাদিকদের পাঠানো মনোনয়নের ভিত্তিতে কীর্তিমতী নির্বাচন করা হলেও গতবছর থেকে সাংবাদিকদের পাশাপাশি কীর্তিমতী খোঁজার প্রক্রিয়াতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ আহ্বান করা হয়। প্রথমবারের মতো এবার রাঁধুনীর আহ্বানে বিপুলসংখ্যক মনোনয়ন এসেছে। সর্বস্তরের মানুষের পাঠানো মনোনয়ন এবং সাংবাদিকদের পাঠানো মনোনয়নের মধ্য থেকে অভিজ্ঞ নির্বাচক প্যানেলের সহায়তায় এবারের কীর্তিমতীদের নির্বাচন করা হয়েছে।’
সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এ চার নারী। এ সময় সাংবাদিক লাবনী ইয়াসমিন বলেন, ‘কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি রাঁধুনীকে। আমি আনন্দিত। আমি আসলে কিছুদিন আগেও চিন্তা করি নিই আমি সাংবাদিকতা চালিয়ে যেতে পারব। এর পিছনে রয়েছে আমার মা ও বড় ভাই। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। রাঁধুনী কীর্তিমতী সম্মাননা এ দেশের সকল নারীদের এগিয়ে নিয়ে যাবে।’
কীর্তিমতী হিতৈষী সেলিনা আক্তার বলেন, ‘রাঁধুনি কীর্তিমতী সম্মাননা আমাকে যেভাবে মঞ্চে নিয়ে এসেছে তা সত্যি আমার জন্য আশ্চর্যজনক। আমি ২০০৭ সাল থেকে কাজ করে আসছি। সে সময় থেকে নানা ধরনের বাধা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। কখনো থেমে যায়নি। তবে আমার এই অর্জনের পিছনে আমার পরিবার সবচেয়ে বেশি অবদান রয়েছে। আমার পরিবার সব সময় আমার পাশে ছিল বলেই আমি এগিয়ে যেতে পারছি।’
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী পিন্টু ঘোষ এবং মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন সাদিয়া ইসলাম মৌ ও তার দল। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়া লিমিটেড। অনুষ্ঠানটির ধারণকৃত অংশ ৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।











