জ্বালানি সংকটে এবারও ভরসা লোডশেডিং
নিজস্ব প্রতিবেদক : চলতি মার্চ থেকে আগামী জুন পর্যন্ত গরম থাকবে। এ চার মাসের মধ্যে রমজান ও সেচ মৌসুমও পড়েছে। বছরের এ সময়টায় বিদ্যুতের চাহিদা থাকে সবচেয়ে বেশি। এ বছর গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা ১৬ হাজার মেগাওয়াট। চাহিদার বিপরীতে যত কম বিদ্যুৎ উৎপাদন হবে, ততই লোডশেডিং সইতে হবে মানুষকে। ফলে চলতি বছর চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিদ্যুৎ বিভাগ। জ¦ালানি সংকট এ চ্যালেঞ্জকে কঠিন করে তুলতে পারে। ফলে বিদ্যুৎ বিভাগ গ্রীষ্মকালীন চাহিদা মেটানো নিয়ে উদ্বেগের মধ্যে আছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গ্রীষ্মকালীন বিদ্যুৎ চাহিদা ও বিদ্যুৎ উৎপাদন নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বৈঠক হয়। বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বিদ্যুৎ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে গ্রীষ্মকালীন সময়ে বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে একাধিক কর্মকর্তা জানান, গ্রীষ্মে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন নিয়ে আশঙ্কা রয়েছে। জ¦ালানি সংকটের কারণে লোডম্যানেজমেন্ট বা লোডশেডিং করে এবারে গ্রীষ্মকালীন বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সামাল দিতে হবে।
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বলেন, বিদ্যুৎ উৎপাদন হয় মূলত তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের মালিকরা তাদের বকেয়া না পাওয়ায় গ্রীষ্মে বিদ্যুৎ উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছেন না। ফলে পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন নিয়ে শঙ্কা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, গ্রীষ্মে তেলভিত্তিক কেন্দ্রগুলোর সঙ্গে প্রায় সমান তালে গ্যাসভিত্তিক কেন্দ্র চালিয়ে চাহিদা পূরণ করতে হয়। কিন্তু এ বছর গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোয় পিডিবির চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব নয়। তিনি জানান, গত বছর পিডিবি দৈনিক ১৬০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা দিয়েছিল। সরবরাহ করা হয় সর্বোচ্চ ১০০ কোটি ঘনফুট। এ বছরও একই চাহিদা রয়েছে। সে ক্ষেত্রে অন্তত ১৪০ কোটি ঘনফুট চাহিদা নিশ্চিত করতে হবে। তবে শেষ পর্যন্ত সেটাও সম্ভব হবে কিনা, তার নিশ্চয়তা নেই। ফলে লোডশেডিং করেই আগামী চার মাস পার করতে হবে।
ওই কর্মকর্তা বলেন, সরকার স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে এলএনজি আমদানি শুরুও হয়েছে, তবে চাহিদার তুলনায় অপর্যাপ্ত। বৈঠক সূত্রে জানা যায়, বেশ কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। নতুন কয়েকটি বিদ্যুৎকেন্দ্র দু-এক মাসের মধ্যে চালু হওয়ার কথা। তবে কয়লা সংকটে এসব কেন্দ্রের পক্ষে পুরোদমে উৎপাদনে যাওয়া কঠিন। ডলার সংকটে কয়লাভিত্তিক কেন্দ্রগুলো কয়লা আমদানি করতে পারছে না।
বৈঠকে উপস্থিত আরেক কর্মকর্তা বলেন, বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের মালিকরা তেল আমদানি না করলে সে ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) বেশি করে তেল আমদানির নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে জ¦ালানি তেল আমদানিতে অর্থও ছাড়া দেওয়া হচ্ছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নানা সংকটে পড়েছে অর্থনীতি। ফলে পরিকল্পনা অনুযায়ী অনেক কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে এ বছর সংকটে পার করতে হবে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, এবার শুধু সেচের জন্য বিদ্যুতের চাহিদা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৯৫ দশমিক ২৭৭ মেগাওয়াট। সারাদেশে ৪ লাখ ৬৫ হাজার ৪৫৯টি সেচ সংযোগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে। বিদ্যুৎ বিভাগ সেচে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে তৎপর। তবে বিদ্যুতের দাম বাড়ায় কৃষককে বাড়তি বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে।
এদিকে চলতি সপ্তাহে সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিয়ে একটি বৈঠক থেকে ১৭ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, সেচে মোট চাহিদা ২ হাজার ৩৯৫ মেগাওয়াট। এর মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ২ হাজার ২৮ মেগাওয়াট, পিডিবি ১৭১ মেগাওয়াট, নেসকো ১৪৪ মেগাওয়াট এবং ওজোপাডিকো ৫০ মেগাওয়াট বিতরণ করবে।











