আগামী নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার
নিজস্ব প্রতিবেদক : দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৬ কোটি ০৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন, মহিলা ভোটার ৫ কোটি ৮৭ লাখ ০৪ হাজার ৮৭৯ জন এবং হিজড়া ভোটার ৮৩৭ জন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানান।
নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না বলে ভোটার উপস্থিতিও বাড়ছে না মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, আশা করি আগামীতে ভোটার উপস্থিতি যথার্থ হবে। ভোট প্রদানের জন্য প্রথমই ভোটারদের নিজেদের ইচ্ছা থাকতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে।
সিইসি বলেন, সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমত জরুরি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করবে কমিশন। কিন্তু কাউকে জোর করে নির্বাচনে আনবে না।
এর আগে, ভোটার দিবস উপলক্ষে আগারগাঁও নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে একটি র্যালি বের হয়। এ সময় অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা জেলাসহ বিভিন্ন অঞ্চলের নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা যোগ দেন।
এদিন পঞ্চমবারের মতো সারাদেশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো- ‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’।











