সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির পদযাত্রা: তিন জেলায় পুলিশের বাধা, বাগেরহাটে আটক ৪০

news-image

অনলাইন ডেস্ক : গ্যাস, বিদ্যুৎ, চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে দাবিতে শনিবার দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। কয়েকটি জেলায় এ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও বিএনপি-ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া এবং বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া বিভিন্ন জেলায় কাছাকাছি স্থানে বিএনপি ও আওয়ামী লীগের শোডাউনের ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:

বাগেরহাট: বাগেরহাটে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে কেন্দ্রীয় কমিটির নেতাসহ ৪০ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে দলটি। শনিবার সকালে বাগেরহাট শহরের মুনিগঞ্জ, পুরাতন বাজার, থানার মোড়সহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে পুলিশ বলছে, নাশকতা ও বিশৃঙ্খলার সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ২০-২৫ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, যুবদল নেতা সোহেল তরফদার, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হাজরা আসাদুল ইসলাম, আইযুব আলী, বাবু মোল্লা রয়েছেন।

বাগেরহাটে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে কেন্দ্রীয় কমিটির নেতাসহ ৪০ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে- সমকাল
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ৯টার দিকে শহরের মুনিগঞ্জ এলাকার জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের বাড়ির কাছ থেকে পদযাত্রা শুরু করে পুরতন বাজারের দিকে যায়। সেখানে সংক্ষিপ্ত সভা শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা ফিরে যাওয়ার চেষ্টাকালে পুলিশ প্রথমে তাদের ব্যানার কেড়ে নেয় এবং পরে নেতাকর্মীদের আটক শুরু করে। কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীমসহ কয়েক জন নেতা এসময় এম এ সালামের বাড়িতে আশ্রয় নিলে পুলিশ সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়।

অপরদিকে শহরের পুরতন বাজার এবং লিচুতলা সংলগ্ন থানার মোড় এলাকার জেলা বিএনপি কার্যালয় থেকে আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমসহ কয়েকজনকে আটক করে পুলিশ। পুলিশের বাধায় শহরে এরপর আর কোনো কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। তবে বিএনপির কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন শহরের বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশ, অবস্থান কর্মসূচি ও মোটর শোভাযাত্রা করেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো আসাদুজ্জামান বলেন, এ দিন বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দল কর্মসূচি ঘোষণা করেছিল। ফলে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিএনপির নেতৃবৃন্দকে কর্মসূচিকে স্থগিত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। তবে তারা আমাদের সেই নির্দেশনা উপেক্ষা করে আক্রমণাত্মক ভাবে পদযাত্রা বের করে। পরবর্তীতে তারা ঘটনাস্থলে সমবেত হয়ে নাশকতার পরিকল্পনা, বিশৃঙ্খলা সৃষ্টিার পরিকল্পনা করছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে কয়েকজনকে আটক করি। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

পিরোজপুর: শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে পদযাত্রা বের হলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি হয়। পুলিশি বাধার মুখে পিরোজপুরে জেলা বিএনপির পদযাত্রা পণ্ড হয়ে যায়। পদযাত্রায় জেলা, পৌরসভা, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা অংশগ্রহণ করেন।

রাজবাড়ী: জেলা বিএনপির এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীরা পদযাত্রা কর্মসূচি শুরু করলে পুলিশ বাধা দেয়। পরে এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে যায়।

নীলফামারী: নীলফামারীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুরে জেলা পৌর সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। জানা যায়, বিএনপি যেখানে পদযাত্রার ডাক দেয় একই স্থানের বিপরীত পাশে শান্তি সমাবেশের মঞ্চ তৈরি করে আওয়ামী লীগ। দুপুর ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে আসে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে বিএনপির মঞ্চ ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে উল্লাস করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল শাহ আপেল বলেন, ‘কর্মসূচির নামে বিএনপি দেশবিরোধী স্লোগান দেওয়ায় আমরা বাধা দিই। এ সময় উভয় পক্ষের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে মাত্র।’

বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়- সমকাল
জেলা বিএনপির সভাপতি আ ক ম আলমগীর সরকার বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হঠাৎ ছাত্রলীগ হামলা চালিয়ে মঞ্চ দখল করে আনন্দ-উল্লাস করে। এ ছাড়াও আমাদের কর্মসূচির ব্যানার ছিড়ে ১৫ জন নেতাকর্মীকে আহত করেছে। অথচ ঘটনাস্থলে পুলিশ নীরবে দাঁড়িয়ে ছিল। এ ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

বিএনপির কর্মসূচিতে কোনো হামলার ঘটনা ঘটেনি দাবি করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক বলেন, আমাদের কর্মসূচি শুরু হলে বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অশ্লীল বক্তব্য দিতে থাকেন। তখন আমাদের কয়েজন ছেলে সেখানে গিয়ে তাদের নিষেধ করেছে মাত্র, আর কিছুই করা হয়নি।

তিনি আরও বলেন, ‘পদযাত্রা তো তারা রাস্তা গিয়ে করবে। তা না করে তারা আমাদের মঞ্চের মুখোমুখি মঞ্চ তৈরি করে অশ্লীল বক্তব্য ও শ্লোগান দিচ্ছিল। তাই বিএনপির নেতাকর্মীদের বারণ করতে যাওয়ায় তারাই আমাদের নেতাকর্মীদের ওপর চড়াও হয়। আমরা তাদের ওপর হামলা করিনি, তাদের সরিয়ে দিয়েছি।’

নাটোর: জেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কার্যালয়কে লক্ষ্য করে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে কেউ হতাহত হননি। বিএনপির কর্মসূচি ঘিরে আতঙ্ক সৃষ্টি করতে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। শনিবার সকাল সাড়ে ৭টায় শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, আলাইপুর কার্যালয়ের সামনে একদল যুবক পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ সময় কার্যালয়ে বিএনপির কোনো নেতাকর্মী ছিলেন না। জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেন, শান্তি সমাবেশের নামে দেশব্যাপী বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি পালনে বাধা দেওয়ার জন্যই আওয়ামী লীগ এ হামলা চালিয়েছে। তারা জেলা বিএনপি কার্যালয়ের সামনে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, শহরে দুই দলের কর্মসূচি চলাকালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়। কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হয়নি।

সুনামগঞ্জ: বিএনপির সমাবেশের পাশ দিয়ে আওয়ামী লীগের খণ্ড খণ্ড মিছিল গেছে, আবার আওয়ামী লীগের জমায়েতের পাশ দিয়ে এসেছে বিএনপির খণ্ড মিছিল। কাছাকাছি স্থানে বড় শোডাউন করলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কর্মসূচিতে জমায়েত বাড়ানোর চেষ্টা থাকলেও সংঘাত এড়ানোর চেষ্টা ছিল দুই পক্ষেরই। দুই পক্ষের কর্মসূচি চলাকালে পুরাতন বাসস্টেশন থেকে চাঁদনীঘাট এবং স্টেশন রোডের সদর থানার সামনে অংশ পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ১০টা থেকেই পুরাতন বাসস্টেশনে বিএনপির পদযাত্রা কর্মসূচির গণজমায়েতে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে।

ঠিক একইভাবে আওয়ামী লীগের শান্তি সমাবেশেও যোগ দিয়েছেন হাজার হাজার দলীয় নেতাকর্মী। আওয়ামী লীগের সমাবেশের আয়োজন ছিল শহরের কেন্দ্রস্থল আলফাত স্কয়ারে। এখানকার সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিল ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মিছিল নিয়ে যোগ দেন। দিরাই, ছাতক, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও ধর্মপাশা থেকে মিছিল এসে যোগ দেয় সমাবেশে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী