যুক্তরাষ্ট্র ও মিত্ররা দীর্ঘমেয়াদে ইউক্রেনের পক্ষে থাকবে : বাইডেন
অনলাইন ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বর্তমানে ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডে দুদিনের সফরে রয়েছেন বাইডেন। পোল্যান্ডে স্থায়ীভাবে মার্কিন সেনাবহর রাখার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করার কথা রয়েছে। খবর: ডয়চে ভেলে’র।
পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে জো বাইডেন বলেন, ‘এক বছর আগে বিশ্ব কিয়েভের প্রায় পতন দেখে ফেলেছিল। কিন্তু আমি মাত্র কিয়েভ থেকে ফিরে বলছি, কিয়েভ তার শক্তিতে বলীয়ান রয়েছে। চির উন্নত শির নিয়ে দাঁড়িয়ে আছে কিয়েভ। সবচেয়ে বড় কথা হলো, একেবারে স্বাধীন ও মুক্ত অবস্থায় আছে শহরটি।’
এর কয়েক ঘণ্টা আগে মস্কোয় জাতির উদ্দেশে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে পুতিন বলেন, ‘রাশিয়াকে ধ্বংসে পশ্চিমারা বিশ্বযুদ্ধে উসকানি দিচ্ছে। বৈশ্বিক যুদ্ধে মস্কোকে পরাজিত করা যাবে- এমন ভুল বিশ্বাসে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। কিন্তু রাশিয়াকে পরাজিত করা অসম্ভব।’
ভাষণে বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সামনে তিক্ত এবং কঠিন দিন আসছে, তবে যুক্তরাষ্ট্র ও মিত্ররা দীর্ঘ মেয়াদে ইউক্রেনের পক্ষে থাকবে।’











