ইবিতে অভিযুক্তদের সাক্ষাৎকার নেওয়া শুরু
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রীকে রাতভর নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে প্রশাসন থেকে গঠিত তদন্ত কমিটি। সোমবার সকাল ১০টা থেকে কমিটির আহ্বায়ক ড. রেবা মণ্ডলের আইন বিভাগের ব্যক্তিগত কক্ষে সাক্ষাৎকার গ্রহণ চলছে। এ দিকে বিভাগটির করিডরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের চলে যেতে বলেছেন তদন্ত কমিটির সদস্য অধ্যাপক দেবাশীষ শর্মা।
পূর্বঘোষিত সময় অনুযায়ী সোমবার সকাল ৯টার পর প্রক্টরিয়াল বডির গাড়িতে গোপনে অভিযুক্ত সানজিদা চৌধুরী অন্তরা ও তাবাসসুমকে আইন বিভাগে নিয়ে আসা হয়। এরপর ১০টা থেকে তাদের সাক্ষাৎকার শুরু হয়।
সাক্ষাৎকারের সময় তদন্ত কমিটির আহ্বায়ক ড. রেবা মণ্ডল, সদস্য হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক দেবাশীষ শর্মা, সহকারী প্রক্টর অধ্যাপক মুর্শিদ আলম ও সদস্য সচিব আলাবদ্দী খান।
এ সময় আশপাশে থাকা সাংবাদিকদের ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন তদন্ত কমিটির সদস্য অধ্যাপক দেবাশীষ। সাংবাদিকরা যেতে রাজি না হলে তাদের ওপর অধ্যাপক দেবাশীষ একপর্যায়ে চড়াও হয়।
এ সময় তিনি বলেন, ‘আমরা আপনাদের চলে যেতে বলেছি আপনারা চলে যান। এখানে ভিড় করবেন না।’
এর প্রেক্ষিতে অভিযুক্তদের তারা বিশেষ সুবিধা দিচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে তর্ক করতে পারব না।’
এ দিকে দেশরত্ন শেখ হাসিনা হল থেকে গঠিত তদন্ত কমিটি অভিযুক্ত দুজনের সঙ্গে কিছুক্ষণ পরে কথা বলবেন বলে জানিয়েছে ওই কমিটির আহ্বায়ক ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক আহসানুল হক। বিভাগে তার ব্যক্তিগত কক্ষে তাদের সাক্ষাৎকার গ্রহণ হবে বলে জানিয়েছেন তিনি।











