জাতীয় নির্বাচন ও রাজনীতি অর্থনীতির বড় ঝুঁকি
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণ বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় সহায়তা করবে। একই সঙ্গে বাংলাদেশ সরকার যে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, তা বাস্তবায়নেও সহায়তা করবে এই ঋণ। ঋণের প্রথম কিস্তি ছাড়ের পর আইএমএফ একটি মেমোরেন্ডাম প্রকাশ করে, যাতে একগুচ্ছ পর্যবেক্ষণ তুলে ধরে বেশকিছু ঝুঁকির কথা গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে।
সংস্থাটি পর্যবেক্ষণে বলেছে, অনুমোদিত ৪ বছরমেয়াদি ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ কর্মসূচিতে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রাজনৈতিক পরিবেশ।
আইএমএফের পর্যবেক্ষণে বলা হয়, সামনের দিনগুলোতে সংকুচিত আর্থিক পরিমণ্ডল, উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমহ্রাসমান রিজার্ভের পরিপ্রেক্ষিতে অপ্রত্যাশিত অভিঘাতে আর্থিক বা মুদ্রানীতি শিথিল করার সুযোগ সীমিত হয়ে পড়ার বিষয়টি হচ্ছে এই ঋণ কর্মসূচির প্রধান ঝুঁকি। এ ছাড়া বাজেট বাস্তবায়ন ক্ষমতার দুর্বলতা, কিছু প্রস্তাবিত সংস্কারের রাজনৈতিক বিরোধিতা এবং আসন্ন জাতীয় নির্বাচনের কারণে ২০২৩ সালের ডিসেম্বরের জন্য অস্থায়ী বা সাময়িকভাবে পরিকল্পনা গ্রহণের মতো বিষয়গুলো এই কর্মসূচির জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা দেবে। তবে এই ঝুঁকিগুলো প্রশমিত হতে পারে, যদি ঋণ কর্মসূচিতে উল্লেখ থাকা প্রচেষ্টাগুলো অব্যাহত রাখা হয়।
এতে আরও বলা হয়, বাংলাদেশের অর্থনীতি বেশকিছু গুরুতর সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে মুদ্রাস্ফীতি বছর শেষে ৯ দশমিক ৫ শতাংশের পৌঁছেছে, যা এক দশকের সর্বোচ্চ। আমদানি ব্যয় বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রতিদিনই কমছে। ডলারে বিপরীতে টাকার মানও কমছে অব্যাহতভাবে। যার ফলে জিনিসপত্রের দামও বাড়ছে। এতে ডলারের ব্যাংক রেট ও খোলাবাজারের রেট ভিন্ন ভিন্ন হওয়ায় সেটার সমালোচনা করা হয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘যে কোনো দেশের অর্থনীতির স্থিতিশীলতার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে বিনিয়োগ হয় না, বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান বাড়ে না। এ জন্য রাজনৈতিক স্থিতিশীলতা রাখতে হবে। এ ছাড়া আইএমএফ যেসব পরামর্শ দিয়েছে- রিজার্ভ গণনা পদ্ধতি, রপ্তানি বৃদ্ধি ও রাজস্ব আহরণ বাড়ানো- এগুলো আমাদের নিজেদের স্বার্থেই করতে হবে।’
এদিকে সংস্থাটির দেওয়া শর্ত মোতাবেক এই ঋণপ্রাপ্তির বিপরীতে বাংলাদেশকে আগামী চার বছর অর্থনীতিতে ব্যাপক সংস্কার আনতে হবে। ২০২৬ সালের মধ্যেই ধাপে ধাপে নানা খাতের এসব সংস্কার সম্পন্ন করতে হবে। আবার প্রতি কিস্তি ছাড়ের আগে সংস্কারমূলক কার্যক্রম পর্যালোচনা করা হবে। এর অংশ হিসেবে সরকার ইতিমধ্যে গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়েছে। তবে রাজস্ব খাতের সংস্কার আনতে হবে খুবই বিস্তৃতসারে। আগামী এক বছরের মধ্যে জরুরি ভিত্তিতে যেসব সংস্কার করতে হবে এর মধ্যে রয়েছে- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে জিডিপির দশমিক ৫ শতাংশ অতিরিক্ত কর আদায় করতে হবে। ডিসেম্বরের মধ্যে শুল্ক ও ভ্যাট বিভাগে ‘ঝুঁকি ব্যবস্থা ইউনিট’ গঠন করতে হবে।
বার্ষিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে পুনঃতফসিল করা ঋণ ও খেলাপি ঋণের তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। সংশোধিত ব্যাংক কোম্পানি আইন সংসদে উপস্থাপন করতে হবে। জলবায়ু ও পরিবেশবান্ধব টেকসই ক্রয় নীতিমালা ও সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। সুদের হারের করিডোর পদ্ধতি চালু, বৈদেশিক মুদ্রার লেনদেন বাজারভিত্তিক করা, আইএমএফের শর্তানুসারে রিজার্ভের হিসাব, জ্বালানির মূল্যবৃদ্ধি নির্ধারণ সময় উপযোগী করতে হবে। সঞ্চয়পত্র বিক্রি কমানো, রাষ্ট্রীয় কোষাগারে আয় জমায় একক হিসাব চালুর নীতিমালা প্রণয়ন করতে হবে। জিডিপির প্রান্তিক বা কোয়ার্টার হিসাব প্রদান, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ঋণে জলবায়ুজনিত ঝুঁকি নির্ধারণ সংক্রান্ত নীতিমালা চালু করতে হবে।
পরের বছর ২০২৪ এর জুনের মধ্যে মধ্যমেয়াদি রাজস্ব কৌশল প্রণয়ন, করনীতি পরিপালনের জন্য নীতিমালা প্রণয়ন, রাজস্ব জিডিপির দশমিক ৫ শতাংশ বাড়াতে হবে। ২০২৫ সালের মধ্যে কর অব্যাহতি কমিয়ে আনতে হবে। জিডিপির দশমিক ৫ শতাংশ রাজস্ব আয় বাড়াতে হবে, মধ্যমেয়াদি রাজস্ব কৌশল বাস্তবায়ন, কর সংক্রান্ত নিয়মকানুন প্রতিপালনের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, খেলাপি ঋণ কমানো ও মূলধন ঘাটতি দূর করার উদ্যোগ অব্যাহত রাখা। ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার বাস্তবায়ন।
২০২৬ সালের মধ্যে কর অব্যাহতি কমানো, জিডিপির দশমিক ৭ শতাংশ বাড়তি কর আহরণ, মধ্যমেয়াদি রাজস্ব কৌশল বাস্তবায়ন, কর সংক্রান্ত নিয়মকানুন, প্রতিপালনের পরিকল্পনা বাস্তবায়ন, জ্বালানির মূল্য নির্ধারণে সময়ভিত্তিক ব্যবস্থা বাস্তবায়ন অব্যাহত রাখা। সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো, খেলাপি ঋণ কমানো ও মূলধন ঘাটতি দূর করার উদ্যোগ অব্যাহত রাখা, ব্যাংকের তদারকি বৃদ্ধির কাজ অব্যাহত রাখা এবং আর্থিক খাতের জন্য খাতভিত্তিক কৌশল নির্ধারণের বিষয়গুলো রয়েছে। অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, এসব কর্মসূচি বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তবে ধাপে ধাপে এসবের প্রতিফলন ঘটবে প্রতি বছরের বাজেটে।
গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আইএমএফ যেসব শর্তের কথা বলেছে, এসব কথা আমরাও আগে থেকে বলে আসছি। এ সংস্কারগুলো দেশের অর্থনীতির জন্য প্রয়োজন। শর্তগুলো যৌক্তিক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ নিয়ে তারা যে উদ্বেগ দেখিয়েছে বা ঝুঁকির কথা বলেছে তা কিন্তু অমূলক নয়। কেননা আমাদের রাজনৈতিক পরিবেশ টেকসই বা সহনশীল নয়। এখানে অনেক অসহনীয় বিষয় রয়েছে যেগুলো অর্থনীতির জন্য ক্ষতিকারক। তবে এটা নিঃসন্দেহে একটা ভালো ঋণ কর্মসূচি। এটা আমাদের জন্য ইতিবাচক যে, আইএমএফ এখন সংকট এড়াতে পাশে এসে দাঁড়িয়েছে। বড় একটা কর্মসূচি হাতে নিয়েছে।’ তিনি মনে করেন, এটা অন্যদের কাছেও একধরনের ইতিবাচক বার্তা দেবে। সূত্র : দৈনিক আমাদের সময়











