বইয়ের প্রেমে বইয়ের টানে
নিউজ ডেস্ক : শাহবাগ মোড় থেকে রাজু ভাস্কর্যের পাশের সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির বিপরীত পাশের প্রবেশপথ পুরো অঞ্চলই শুক্রবার ভরে ওঠে মানুষের পদচারণায়। গতকাল সাপ্তাহিক ছুটির দিনে বইমেলায় জনস্রোতের জোয়ার ঘটে। সকালে শিশু অঙ্গনের উচ্ছ্বাস থিতু হয়ে আসতেই বিকালে বাড়তে থাকে ভিড়। বিকাল গড়িয়ে সন্ধ্যায় এই ভিড় রূপ নেয় জনস্রোতে।
গতকাল ছুটির দিনে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বইমেলায় ছিল তৃতীয় শিশু প্রহর। সকালে দুরন্তপনায় মেতে উঠে শিশুরা। মা-বাবার হাত ধরে কমিকস, কার্টুন ও আঁকিবুঁকির বই কেনার পাশাপাশি শিশু চত্বরের সিসিমপুরে ইকরি, মিকরি, হালুম, টুকটুকি ও শিকুর সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠে তারা।
শিশু প্রহরের সিসিমপুরের এই আয়োজন ছিল বিকালেও। ফলে সকালের মতো বিকালেও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকাল সাড়ে ৫টার দিকে মেলার শিশুচত্বরে গিয়ে দেখা যায়, শিশুমঞ্চে আনন্দে মেতে আছে শিশুরা। মা-বাবার সঙ্গে মেলায় এসেছিল আয়রিন ও নামিউল। কেমন লাগছে জানতে চাইলে আয়রিন বলে, মা বাসায় নিয়ে যেতে চায়। আমরা আরও একটু খেলব!
আয়রিন ও নামিউলের মতো অন্য শিশুদেরও উপস্থিতি ছিল যথেষ্ট। তাতে শিশুতোষ বইয়ের প্রতিটি স্টলেই ছিল উপচেপড়া ভিড়।
এরপর বিকালের পর থেকেই মেলায় বাড়তে থাকে সব বয়সী বইপ্রেমী পাঠক ও দর্শনার্থীর ভিড়। স্টল ও প্যাভিলিয়নে বিক্রির চাপে দম ফেলার ফুরসত পাচ্ছিলেন না বিক্রয়কর্মীরা। রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্রের ক্লাসিক্যাল বইয়ের পাশাপাশি গল্প, কবিতা, উপন্যাস, মোটিভেশনাল, সায়েন্স ফিকশনসহ প্রায় সব ধরনের বইয়ের কাটতিই ছিল আশাব্যঞ্জক। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন ভিড় এবং বইয়ের বিক্রিতে তৃপ্তির হাসি হেসেছেন প্রকাশক ও বিক্রয়কর্মীরা।
প্রকাশকরা বলেন, আমাদের প্রত্যাশার চেয়ে এবারের মেলায় বেশি প্রাপ্তি ঘটেছে। বিক্রি নিয়ে আমরা সন্তুষ্ট। তবে মেলায় যে পরিমাণের পাঠক ও দর্শনার্থীর সমাগম ঘটেছে সেই তুলনায় বিক্রি কম। আজ (গতকাল) মেলায় আসা প্রতিটি দর্শনার্থী যদি একটি করে বই কেনে তাহলে মেলার নতুন-পুরনো সব বই একদিনেই শেষ হয়ে যেত। তারপরও বিক্রি ও লোকসমাগমের এই ধারা অব্যাহত থাকলে আশা করছি এবারের মেলা বিগত কয়েক বছরের সফলতার রেকর্ড ভঙ্গ করবে।
বাংলা জার্নালের প্রকাশক এবং সম্পাদক বলেন, ‘আজ (গতকাল) সোহরাওয়ার্দী উদ্যান অংশে ধুলার জন্য মেলার পরিবেশ খুবই অস্বাস্থকর ছিল। কর্তৃপক্ষের উচিত ছিল গত মেলাগুলোর মতো পানি ছিটানো। এবার মেলায় পানি না ছিটানোর কারণে সবার জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে।’
গতকাল শুক্রবার অমর একুশে বইমেলার ছিল দশম দিন। এদিন মেলা চলে বেলা ১১টায় থেকে রাত ৯টা পর্যন্ত।
শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা : অমর একুশে উদযাপনের অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে ক-শাখায় ১৯৫, খ-শাখায় ১৮৩ এবং গ-শাখায় ৬৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন শিল্পী হাশেম খান।
শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতা : সকাল সাড়ে ৯টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিচারকের দায়িত্বে ছিলেন কাজী মদিনা, আন্জুমান আরা এবং নূরুল হাসনাত জিলান।
নতুন বই : বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য মতে, গতকাল মেলায় নতুন বই এসেছে ২৬০টি। আর গত দশ দিনে মেলায় মোট নতুন বই এসেছে ১ হাজার ২৫টি। গতকাল মেলায় নতুন বইয়ের মধ্যে গল্প ৩০, উপন্যাস ৪৬, প্রবন্ধ ১৩, কবিতা ৭৯, গবেষণা ৪, ছড়া ৮, শিশুসাহিত্য ১৮, জীবনী ৬, রচনাবলি ২, মুক্তিযুদ্ধ ৩, নাটক ৩, বিজ্ঞান ১, ভ্রমণ ৮, ইতিহাস ৫, রাজনীতি ১, চি./স্বাস্থ্য ১, বঙ্গবন্ধু ১, রম্য/ধাঁধা ২, ধর্মীয় ৩, অনুবাদ ২, সায়েন্স ফিকশন ৬, অন্যান্য ১৮টি।
লেখক বলছি : লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন মৌলি আজাদ, সাগরিকা নাসরীন, সাহাদাত পারভেজ এবং হুমায়ূন কবীর ঢালী।
সাংস্কৃতিক অনুষ্ঠান : সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বায়তুল্লাহ কাদেরী, সঞ্জীব পুরোহিত, ফারহানা রহমান এবং রুহ রুহেল। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ, নুরুজ্জামান, মাসুদ রানা, মাহমুদুল হাকিম তানভীর। এ ছাড়া ছিল জিনিয়া জ্যোৎস্নার পরিচালনা নৃত্য সংগঠন ‘জিনিয়া নৃত্যকলা একাডেমি’ মনোমি তানজানার পরিচালনায় নৃত্য সংগঠন ‘নিক্কন পারফরমিং আর্ট সেন্টার’, মো. জাকির হোসেনের পরিচালনায় নৃত্য সংগঠন ‘শান্তি ভাবদর্শন চর্যাকেন্দ্র’, পারভীন আক্তার আঁখির পরিচালনায় নৃত্য সংগঠন ‘আনসার ডান্স একাডেমি’-এর নৃত্য পরিবেশনা। আবৃত্তি পরিবেশনা করেন ‘বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ’ এবং ‘ত্রিলোক বাচিক পাঠশালা’-এর শিল্পীরা।
আজকের আয়োজন : আজ বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ : আশরাফ সিদ্দিকী এবং স্মরণ সাঈদ আহমদ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন ইয়াসমিন আরা সাথী এবং মাহফুজা হিলালী। আলোচনায় অংশগ্রহণ করবেন উদয়শংকর বিশ্বাস, শামস্ আল দীন, রীপা রায় এবং আবদুল হালিম প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুরশীদা বেগম।
এদিকে আজ শনিবার অমর একুশে বইমেলার ১১তম দিনের বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলায় শিশুপ্রহর চলবে। এ ছাড়া থাকবে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতায়। আজ সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।











