সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব-মাশরাফির ক্রিকেট সংস্কারক হওয়া কঠিন

news-image

অঘোর মন্ডল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের ভরা বাজারে ক্রিকেট নয়, আলোচনায় বিতর্ক! যার শুরুটা সাকিব আল হাসানের বিস্ফোরক মন্তব্যে। ‘মানহীন হয়ে পড়েছে বিপিএল।’ সেই বিস্ফোরকে আগুনের ছোঁয়া দিলেন মাশরাফি। ‘বিপিএলের হযবরল অবস্থা!’ নিখাদ সত্য কথা। কিন্তু সত্য মেনে নেওয়ার মানসিকতা আমাদের নেই। সেভাবে গড়ে ওঠে না আমাদের মনন। বিপিএল জৌলুস হারিয়েছে। এ নিয়ে সংশয়ের কিছু নেই। ফ্রাঞ্চাইজি লিগ-বিপিএল কতটা ক্রিকেট, কতটা বাণিজ্য এই প্রশ্নকে সঙ্গী করেই এর যাত্রা শুরু। সে কারণেই আরেকটা সম্পূরক প্রশ্ন থাকছে। মান পড়ে যাওয়া এই লিগের বাজার মূল্য কী বেড়েছে না কমেছে?

উত্তর যারা দেবেন তারা ব্যস্ত সাকিবের গুগলি সামাল দিতে। সাকিবের দাবি- তিনি বিপিএলের সিইও হলে সব ঠিক করতে তার সময় লাগবে বড়জোর দুই মাস! সাকিব আল হাসানকে সিইওর দায়িত্ব নেওয়ার অগ্রিম প্রস্তাব দিয়ে রেখেছেন বিপিএলের দায়িত্বে থাকা বিসিবির কর্মকর্তারা। সঙ্গে সঙ্গে রিভার্সসুইপ সাকিবের। ‘বিপিএলের সিইও কেন? হলে তো বিসিবির প্রেসিডেন্টই হবো।’ এসব কিছুই মাঠের বাইরে। আর মাঠের ভেতরে যা ঘটছে তাকে ঠিক ক্রিকেট সংস্কৃতির সঙ্গে মেলানো যাবে না। আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ। আম্পায়ারের অদক্ষতা। থার্ড আম্পায়ারের চোখ বন্ধ রেখে সিদ্ধান্ত দেওয়া! তার প্রতিবাদে ক্রিকেটারদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া! আম্পায়ারিংয়ে ভুল কমিয়ে আনার জন্য যে ডিআরএস সেটা ব্যবহার করার যন্ত্রপাতি পড়ে আছে। কিন্তু ব্যবহার করার লোক নেই! সব মিলিয়ে মাশরাফির কথাটাই মাস্টারস্ট্রোক- ‘হযবরল’ অবস্থা!

কিন্তু কেন এই অবস্থা? বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার খুব ভালো করে জানা। চল্লিশের কাছাকাছি পৌঁছে যাওয়া মাশরাফি জনচেতনায় এখনো মুকুটহীন সম্রাট। জাতীয় দলের সাবেক অধিনায়কের কাছে নয়, একজন জনপ্রতিনিধির কাছে বাংলাদেশ ক্রিকেট মহল যদি প্রশ্ন করে, বিপিএলের কেন এই অবস্থা? এ রকম হযবরল একটা লিগে আপনি কেন খেলছেন? আপনি সম্প্রতি সরকারি দল আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। আপনি ক্ষমতাসীন দলের কাছেও গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই অবস্থা থেকে উত্তরণে আপনার চিন্তাভাবনা কী? মাশরাফির কাছ থেকে মানুষ আরও স্পষ্ট কথা শুনতে চায়। জানতে চায়। রাজনীতিতে মাশরাফির পুঁজি ক্রিকেটার হিসেবে ইমেজ। সেই ইমেজটা ধরে রাখার চ্যালেঞ্জ শুধু কঠিন নয়। যথেষ্ট কঠিন। নিজের ইমেজ রক্ষার জন্য হলেও অন্তত গোটা তিনেক প্রশ্নের উত্তর মাশরাফির দেওয়া উচিত। টি-টোয়েন্টি ফরম্যাটের এই বিপিএল কেন রঙ হারাল? বিবর্ণ হলেও বিপিএলের কি ব্র্যান্ড ভেল্যু কমেছে? এ রকম হযবরল অবস্থার একটা লিগে আপনি কি শুধু টাকার জন্যই খেলছেন?

সরকারি দলের একজন সংসদ সদস্য যখন বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের অবস্থা হযবরল তখন সেটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা উচিত। সংসদীয় স্থায়ী কমিটির জানতে চাওয়া উচিত বিসিবির কাছে, কেন এই অবস্থা? আর বিপিএলের ব্র্যান্ড ভেল্যু কমেছে না বেড়েছে; বাড়লে বা কমলে সেটা কী দাঁড়িয়েছে তা জানার অধিকার সাধারণ মানুষের আছে। আর এ তথ্য প্রকাশ করা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো গোপন তথ্য ফাঁস করা নয়। কোন ক্রিকেটারকে কে কত টাকায় দলে ভেড়াচ্ছেন সেটা যদি সরাসরি টেলিভিশনে সম্প্রচার হওয়া অকশানের মাধ্যমে জানানো যায়, তা হলে কোন বছর বিপিএল থেকে বিসিবির কী লাভ-লোকসান হলো সেটা জানাতে অসুবিধা কোথায়?

সাকিব-মাশরাফিদের কথায় বিসিবির অনেকে ফুঁসছেন। আবার সাবেক-বতর্মান এক ঝাঁক তারকা ক্রিকেটার হাততালি দিচ্ছেন! প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটা তাদের সম্মিলিত কণ্ঠস্বর। সাকিবকে নিয়ে অনেকের অনুরাগ আছে। অনেকের বিরক্তি আছে। মাঠে এবং মাঠের বাইরে তার ইমেজ ফিল্টারিংয়ে পুরোপুরি স্বচ্ছ বেরিয়ে আসে না। কিন্তু বিপিএল নিয়ে তার কথাকে তো ’সত্যবচন’ বলতেই হবে। হোক সেই কথাগুলো বিরক্তি থেকে উৎসারিত। আবার তার জবাবে বিসিবি এবং বিপিএলের কর্তারা যা বলেছেন, তা খানিকটা গুগলিতে হুক করার মতো! বিপিএলের সদস্য সচিব বলেছেন, ঢাকার লিগে সাকিব সব ম্যাচ খেলেন না। আবার বিপিএলের কোনো ম্যাচ বাদ দেন না! দুটোই সত্য তথ্য। একই সঙ্গে তিনি আরেকটা তথ্য দিয়েছেন, যাতে বেরিয়ে পড়ে আমাদের ঘরোয়া ক্রিকেটের কঙ্কালসার চেহারা! ভদ্রলোকের দাবি, তিনি একটা ক্লাব চালান ঢাকার লিগে। এই লিগে পঞ্চাশ লাখ টাকাও স্পন্সর দিতে চান না কেউ। তা হলে দাঁড়াল কী! আমাদের ঘরোয়া ক্রিকেটের মান পড়ে গেছে। ঘরোয়া ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহ কমে গেছে। স্পন্সর আগ্রহ হারিয়েছে।

কেন এমন হলো? এই উত্তর খোঁজার কাজ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তারা কি বিষয়টা নিয়ে কখনো ভেবেছেন? গবেষণা করেছেন? যে লিগে মানুষ টাকা দিতে চায় না। স্পন্সর আসতে চায় না। সেই ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলগুলোকে তা হলে কেন দুইটা করে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছিল? সেটা শুধু বিসিবির নির্বাচনে জেতার কৌশলের কারণে! ক্রিকেটীয় কোনো কারণে নয়। পরোক্ষভাবে সেটা স্বীকার করে নিয়ে গত সাধারণ সভায় বাতিলও করা হয়েছে সেই আইন। তাতে লাভ হলো কাদের? কিছু ব্যক্তির। না ক্লাব ক্রিকেটের। না দেশের ক্রিকেটের। ঢাকার লিগকে বলা হতো বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা। তার হৃদস্পন্দন থেমে যাওয়ার অবস্থা! কিন্তু ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ-সিসিডিএম এবং বিসিবি কেউ কি বিষয়টা নিয়ে ভেবেছেন? ঢাকার ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে করণীয় কী? তা নিয়ে রীতিমতো গবেষণা হওয়া দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক সত্যি হচ্ছে পত্রপত্রিকা, গণমাধ্যম-সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক বছর যা লেখা হয়েছে বা বলা হয়েছে অথবা মোটা দাগে যে চর্চা হয়েছে, তার সারমর্ম হচ্ছে- আম্পায়ারকে প্রভাবিত করে অনেক ম্যাচের ফলাফল নির্ধারণ করা হতো! যে কারণে অনেক ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলই গড়েনি। ভোটের রাজনীতি, কাউন্সিলরশিপ কেনাবেচা হয় যে লিগ নিয়ে সেখানে কেন মানুষ পয়সা ঢালবে! সেই ক্রিকেট নিয়ে কেন মানুষ মাতামাতি করবে!

আমাদের কাছে ক্রিকেট মানে আন্তর্জাতিক ক্রিকেট। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করার প্রথম শর্ত হচ্ছে ঘরোয়া ক্রিকেটের ভিত ঠিক করা। ফাউন্ডেশন ভালো না হলে মঞ্চ ভেঙে পড়ে! ঘরোয়া ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতামূলক এবং আকর্ষণীয় না হলে এক সময় আন্তর্জাতিক ক্রিকেটেও দর্শক হারাবে বাংলাদেশ। দর্শক হারানো মানে হচ্ছে বাজার হারানো। তখন বাজার বিশ্লেষকদের দিয়ে গবেষণা করিয়েও লাভ হবে না।

সাকিব-মাশরাফির কথাগুলোকে আপাতত মনে হতে পারে প্রশাসনবিরোধী। খানিকটা বিদ্রোহী সুর। তবে কথাগুলো ক্রিকেট আর ক্রিকেটারদের জন্য হলে ভালো। মাশরাফি জানেন, বোলার মাশরাফির কাছে ইনসুইং-আউট সুইং শিল্প। কিন্তু রাজনীতিবিদ মাশরাফির কাছে বড় শিল্পের নাম- আপস। আর রাজনীতিতে সফল হতে হলে আপস করতেই হবে। সাকিব আল হাসানের ব্যাটিং-বোলিং শিল্পের পর্যায়ে। তবে তার এই শিল্পের শৈল্পিক রূপ- তার নামের বিভিন্ন ব্র্যান্ড। আর সেই শিল্পের বাড়বাড়ন্তের জন্য তাকেও আপস করতে হয়। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ যদি তার কাক্সিক্ষত কোনো স্বপ্নের নাম হয়, তা হলে রাজনৈতিক আশীর্বাদ দরকার হবে। ঘুরেফিরে সেই রাজনীতির বলয়ে তাকে ঢুকতে হবে। বাংলাদেশের ক্রীড়া এবং রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিষ্ঠানের সামনে মাথা না ঝুঁকিয়ে প্রতিষ্ঠান হয়ে ওঠা অসম্ভব লিখলে ভুল হবে না। এই ভূখণ্ডে প্রতিষ্ঠানের সামনে মাথা না ঝুঁকিয়ে নিজে প্রতিষ্ঠান হয়ে উঠতে পেরেছিলেন একমাত্র বঙ্গবন্ধু। এই সরল বাস্তবতা সবাই বোঝেন। তবে বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতা কর্তারা যত তাড়াতাড়ি বুঝবেন, তত ভালো। আবার এই বাস্তবতায় সাকিব-মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের কোনো দায়িত্ব নিয়েই একেবারে খোলনলচে পাল্টে দেবেন সেটা অসম্ভব। তবে এটা ঠিক, বাংলাদেশ ক্রিকেটে একজন সংস্কারক দরকার। মাশরাফি-সাকিব সেই কাজটা করতে পারলে ভালো। তবে পারবেন, সে কথাটা জোর দিয়ে বলা যাচ্ছে না।

অঘোর মন্ডল : কলাম লেখক ও সিনিয়র সাংবাদিক

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে