‘আমার জীবন আমার সংগ্রাম’
সাংস্কৃতিক প্রতিবেদক : পরমাণু শক্তি কেন্দ্র মিলনায়তনে গতকাল আজিজুর রহমান ফকুর ‘আমার জীবন আমার সংগ্রাম’ গ্রন্থের প্রকাশনা উৎসবে (বাঁ থেকে) খন্দকার শওকত হোসেন জুলিয়াস, মাহবুব জামান, ড. ফয়জুর রহমান আল-সিদ্দিক ও মোহা. নূর আলী -আল আমিন লিয়ন
একজন বীর মুক্তিযোদ্ধার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার জীবন আমার সংগ্রাম’। আজিজুর রহমান ফকুর লেখা গ্রন্থটি সম্পাদনা করেছেন আবুল খায়ের। বর্ণাঢ্য রাজনৈতিক ও পেশাগত জীবনের অধিকারী আজিজুর রহমান ফকু একজন সমাজসেবকও। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্র মিলনায়তনে হয়ে গেল গ্রন্থটির প্রকাশনা উৎসব। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় প্রকাশনা উৎসবের অনুষ্ঠানিকতা।
এর পর দেশমাতৃকার মহান স্বাধীনতা সংগ্রামে তথা ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী স্বদেশি আন্দোলনে আত্মদানকারী অগ্নিযুগের সব বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মহান ভাষা আন্দোলন থেকে মহাত্তর মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদদের প্রতি এবং জাতির জনক, তার পরিবারের সদস্যবৃন্দ ও জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ড. ফয়জুর রহমান আল-সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবুল খায়ের। আলোচক হিসেবে ছিলেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুগোল বিভাগের অধ্যাপক ড. শহীদুল ইসলাম, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান, সাবেক সিনিয়র সচিব খন্দকার শওকত হোসেন জুলিয়াস, বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন আহমেদ বাচ্চু, যুগ্ম সচিব সেলিম খান, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু প্রমুখ। তারা ‘আমার জীবন আমার সংগ্রাম’ গ্রন্থ ও লেখক আজিজুর রহমান ফকুর জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন।
স্মৃতিচারণে ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী বলেন, আজিজুর রহমান ফকু আমাদের শিক্ষক ছিলেন, যে কারণে তিনি সব সময় আমাদের পরামর্শ দিতেন। তার মধ্যে আরেকটা বিষয় দেখেছি, কে কী দল করল, তাতে তার কিছু যায় আসে না। তিনি সবাইকেই একই দৃষ্টিতে দেখতেন। এটা তার একটা বিরাট গুণ ছিল। দলমত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসেন। বর্তমান সময়ে দলীয় চিন্তার বাইরে চিন্তা করতে পারেন এমন নেতা খুবই কম। কিন্তু তিনি তা পারতেন। আমি মুক্তিযুদ্ধে গিয়েছি, এটার পেছনে তার বিরাট আবদান রয়েছে।
মোহা. নূর আলী বলেন, তিনি কিন্তু ভালো রবীন্দ্রসংগীত গাইতে পারতেন। যখনই কোনো ঘরোয়া পরিবেশে আমরা বসতাম, তখন তিনি গান শোনাতেন। তিনি ভালো কবিতা আবৃত্তি ও নাটক করতে পারতেন। সব রকমের যোগ্যতা তার মধ্যে ছিল। তার লেখা ‘আমার জীবন আমার সংগ্রাম’ গ্রন্থটি বাংলাদেশের মুক্তিযোদ্ধের জন্য একটা বড় দলিল হয়ে থেকে যাবে, যা থেকে আগামী প্রজন্ম অনেক ইতিহাস জানতে পারবে বলে আমি মনে করি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম বলেন, আজিজুর রহমান ফকুর লেখা এ গ্রন্থটির লেখার ভাষা সহজ ও সাবলীল। কোনো জটিলতা নেই। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রায় সব ইতিহাস তিনি এ বইয়ে তুলে ধরেছেন। বইটি দেশ ও জাতির জন্য মুক্তিযুদ্ধের দলিল হিসেবে থেকে যাবে।
আজিজুর রহমান ফকুর জন্ম ১৯৩৭ সালের ১০ সেপ্টম্বর; ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের চরমধুচরিয়া গ্রামে।











