পরিবহন ব্যবস্থার নতুন যুগে বাংলাদেশ: জয়
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ঢাকায় মেট্রোরেল চালুর মধ্য দিয়ে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা নতুন এক যুগে প্রবেশ করেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও পোস্টে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিজয়ের মাসে বাংলাদেশের আরেকটি অর্জন মেট্রোরেল। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের শুরু। ঢাকার মেট্রোরেল কেন অন্যান্য দেশ ও শহরের মেট্রোরেল থেকে আলাদা তার তথ্য জানানো হয়েছে ভিডিওতে।
সেখানে বলা হয়েছে–বিশ্বমানের সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে এমআরটি লাইন ৬। প্রথমবারের মতো দেশের কোনো ট্রেনে থাকছে না কোনো ব্যালাস্ট আর স্লিপার। শব্দ আর ঝাঁকুনি কমাতে মেট্রোরেল লাইন ৬ এর তিনটি পয়েন্টে থাকছে সর্বাধুনিক ম্যাস স্প্রিং সিস্টেম। ফলে শব্দদূষণের ঝুঁকি অনেক কমে গেছে।
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আরও বলেন, ঢাকার তিনটি পয়েন্ট (মিরপুর ডিওএইচএস, ফার্মগেট ও শাহবাগে) নির্মাণ করা ব্র্যাকএনজির হাইব্রিড প্রযুক্তির কারণে কম থাকবে এই ট্রেনের বিদ্যুৎ খরচ।
তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে প্ল্যাটফরমে রাখা হয়েছে স্ক্রিন ডোর সিস্টেম। ৯ স্টেশনের পাঁচ পয়েন্টে ট্রেন চলবে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে।
ওই ভিডিওতে বলা হয়, এমআরটি ৬ স্টেশনগুলো শারীরিক প্রতিবন্ধীদের সহায়ক করে নির্মাণ করা হয়েছে। পুরোদমে চালু হলে প্রতিদিন মেট্রোরেল ব্যবহার করতে পারবেন পাঁচ লাখ নগরবাসী।











