নতুন বছরের বই পাওয়া নিয়ে শঙ্কা
মনির ফয়সাল, চট্টগ্রাম থেকে
আর ক’দিন পরই নতুন বছর। নতুন বছর মানেই নতুন ক্লাস, আর নতুন বইয়ের উৎসব। নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। তবে এবার বছরের প্রথম দিনের বই উৎসবে প্রাথমিকের সব বই পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে চট্টগ্রামে। কারণ এখন (২৫ ডিসেম্বর) পর্যন্ত মোট চাহিদার মাত্র ২২ শতাংশ বই পৌঁছেছে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। অথচ নতুন বছরের বাকি আর মাত্র ৫ দিন। শতভাগ বই পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলার প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২৩ সালের সম্ভাব্য চাহিদার ভিত্তিতে বরাদ্দকৃত মোট বইয়ের সংখ্যা ৪৫ লাখের কিছু বেশি (৪৫ লাখ ২২ হাজার ১০৯টি)। তবে গতকাল (২৫ ডিসেম্বর) পর্যন্ত এর মধ্যে প্রায় দশ লাখ (৯ লাখ ৯৪ হাজার ৮৬৩ টি) বই পাওয়া গেছে। হিসেবে প্রাথমিকের প্রায় ৩৫ লাখ বই এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
মাধ্যমিকে প্রাপ্ত বইয়ের সংখ্যা ৪২ লাখ ৬২ হাজার ৫০৪টি। মাদ্রাসায় প্রাপ্ত বই ২২ লাখ ৪৮ হাজার ৯৬৩টি। সবমিলিয়ে বই এসেছে ৬৫ লাখ ১১ হাজার ৪৬৭টি। শতকরা হিসেবে প্রাপ্ত বইয়ের হার ৪১ দশমিক ২৪ শতাংশ। এখনো বই বাকি ৯২ লাখ ৭৮ হাজার ৪৩৬টি।
প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিবছর অক্টোবরের দিকে স্কুলগুলোতে বই আসা শুরু হয়। ছাপাখানা থেকে বইগুলো সরাসরি উপজেলা পর্যায়ের গোডাউনে পৌঁছে দেয়া হয়। পরবর্তীতে গোডাউন থেকে বইগুলো স্কুল পর্যায়ে হস্তান্তর করা হয়ে থাকে। তবে এবার নভেম্বরের শেষ দিকেও ছাপাখানাগুলো কোনো বই সরবরাহ দিতে পারেনি। যদিও ডিসেম্বর থেকে উপজেলাগুলোতে বই সরবরাহ শুরু হয়। চট্টগ্রামের ২১টি থানা/উপজেলার মধ্যে গতকাল পর্যন্ত ১২টি থানা/উপজেলায় কিছু কিছু বই পৌঁছেছে। তাও ৩০ থেকে ৪১ শতাংশ বই পাওয়া গেছে। বাকি ৯টি থানা/উপজেলায় একটি বইও এখনো আসেনি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, বেশ কিছু থানা/উপজেলায় এখনো বই পাওয়া যায়নি। তাছাড়া প্রাক–প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কোনো বই আসেনি। যদিও কয়েকদিনের মধ্যেই এসব বই পৌঁছে যাবে বলে আমরা আশাবাদী।
চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুল আলম হোসাইনী বলেন, প্রতিদিনই বই আসছে আমাদের। আশা করছি নতুন বছরের আগে সব বই পেয়ে যাবো। আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবে না।











