ডাণ্ডাবেড়ি পরে মায়ের জানাজা পড়ানো আজমের বাড়িতে গয়েশ্বর
গাজীপুর প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘একটি সাজানো মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা আলী আজম হাতকড়া ও ডাণ্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজায় পড়িয়েছেন। প্রশাসনের কাছে অনুরোধ করা হলেও তা খুলে নেওয়া হয়নি। এটি চরম মানবাধিকার লঙ্ঘন। এই সরকার একের পর এক মানবাধিকার লঙ্ঘন করছে। যা দেশ-বিদেশে নিন্দনীয়। এ ঘটনায় দেশের জনগণ হিসেবে আমরা লজ্জা পাচ্ছি।’
আজ শুক্রবার গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় আলী আজমের বাড়িতে সমবেদনা জানাতে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় আলী আজমের পরিবারকে সমবেদনা জানান এবং তার স্ত্রীর হাতে নগদ অর্থ তুলে দেন।
গ্রেপ্তার আলী আজম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি একটি রাজনৈতিক মামলায় গত ২ ডিসেম্বর পুলিশের হাতে গ্রেপ্তার হন। জেলে থাকা অবস্থায় ১৮ ডিসেম্বর তার মা মারা যান। ২০ ডিসেম্বর আলী আজম প্যারোলে মুক্তি পেয়ে হাতকরা ও ডাণ্ডাবেড়ি পড়া অবস্থায় মায়ের জানাজায় অংশ নিয়ে জানাজার নামাজ পড়ান। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
গয়েশ্বর চন্দ্র রায় সরকারের কড়া সমালোচনা করে বলেন,‘আমরা অবৈধ পার্লামেন্টের বিলুপ্তি দাবি করছি। একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছি। আমরা আবেদন করছি আপনারা শিগগিরই পদত্যাগ করুন এবং মানুষের ভোটাধিকার ফেরত দিন।’
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আলী আজম একজন সাহসী রাজনৈতিক কর্মী। যে মামলায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে সেই মামলার এজহাজারভুক্ত আসামি নন তিনি। সবচেয়ে করুণ দৃশ্য হচ্ছে আলী আজমের মা মারা গেল এরপর প্যারোলে তিনি জানাজায় আসলেন কিন্তু মায়ের লাশ তিনি কবরে নামতে পারলেন না। তিনি চোর কিংবা ডাকাত নন। তবুও ডাণ্ডাবেড়ি পরেই মায়ের জানাজা পড়ালেন। এতে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আমরা এই ধরনের স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা জানাই।
আলী আজমের স্ত্রী মাহমুদা আক্তার লিপি বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা। তবে আমার স্বামী নির্দোষ। তার নামে কোনো মামলা ছিল না। আমার স্বামীর শোকে শাশুড়ি মা মারা গেছেন। সবচেয়ে কষ্ট লেগেছে সে বাড়িতে আসার পরেও কথা বলতে পারেনি। মায়ের জানাজায় আসার পরও তার ডাণ্ডাবেড়ি এবং হাতকড়া খুঁলে দেওয়া হয়নি। এটা আমাদের ও এলাকাবাসীকে কষ্ট দিয়েছে। জানাজা শেষে তিনি পানি খেতে চেয়েছিলেন কিন্তু সুযোগ দেওয়া হয়নি। আমরা সরকারের কাছে এই নির্দোষ মানুষটির মুক্তি চাই।’
আলী আজমের আত্মীয় সুরুত আলী বলেন, ‘আলী আজমকে সাজানো ঘটনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এরপরই তার মা অসুস্থ হয়ে যান। পরে তিনি মারাই গেলেন। জানাজায় যখন আলী আজম আসলেন তখন সবাই দেখেছি তার হাতে হাতকড়া, পায়ে ডাণ্ডাবেড়ি লাগান। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করি নামাজের সময়টুকু অন্তত তার ডাণ্ডা ও হাতকড়া খুলে দেন। কিন্তু সেটাও করেননি তারা।’
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সায়েদুল আলম বাবুল, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মুজিবুর রহমান, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমদ, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ ন ম খলিলুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী, কালিয়াকৈর উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, বোয়ালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সফিকুর রহমান, সাধারণ সম্পাদক অরুণ প্রসাদ মজুমদার উপস্থিত ছিলেন।
পরে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বিএনপি নেতা আলী আজমের মায়ের কবর জিয়ারত করেন।











