পরীর সঙ্গে সিয়ামের ঠাট্টা
বিনোদন প্রতিবেদক : দামাল’ সিনেমা মুক্তির আগের কথা। সিনেমার প্রচারণায় গিয়ে পরীর স্বামী অভিনেতা শরিফুল রাজ হাত ধরেছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। আর পাশেই দাঁড়িয়ে ছিলেন অভিনেতা সিয়াম আহমেদ। এ নিয়ে জলঘোলা কম হয়নি। একটা সময় পরী সেই ছবি ফেসবুকে শেয়ার দিয়ে স্ট্যাটাসও দেন- ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে।’
অবশেষে পরীর সেই ‘হেব্বি’ লাগার বিষয়টা মজার ছলে ঠাট্টা করলেন সিয়াম। গতকাল মঙ্গলবার রাজধানীর মহিলা সমিতিতে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র সংবাদ সম্মেলনে পরীর সঙ্গে সে মজাটি করেন সিয়াম।
সিনেমার পোস্টার ও ট্রেইলাম প্রকাশ অনুষ্ঠানের এক পর্যায়ে সিয়াম ও পরীকে দর্শক সারি থেকে মঞ্চে ডাকা হয় অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য। দু’জনেই ওঠেন মঞ্চে যাবার জন্য। ছোট্ট সিঁড়ি দিয়ে সিয়াম মঞ্চে উঠে যাচ্ছিলেন আগেই। এসময় সিয়ামের দিকে হাত বাড়িয়ে দেন পরী। কিন্তু সিয়াম হাত না ধরে পরীকে হাসি মুখে বলেন, ‘তুমিই তো বলেছ, আমি অন্য নায়িকার হাত ধরি না।’ এ কথা বলে হাসতে হাসতে মঞ্চে ওঠে যান সিয়াম। পরীমনিও সিয়ামের ঠাট্টা গ্রহণ করেন এবং হাসতে হাসতে মঞ্চে ওঠেন।
উল্লেখ্য, বরেণ্য লেখক ড. মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। এতে সিয়াম-পরী ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী বছর ২০ জানুয়ারি।











