নতুন ‘চ্যালেঞ্জের মুখে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাবি প্রতিনিধি : করোনাভাইরাস মহামারির আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রায় সব বিভাগ ছিল সেশনজটমুক্ত। অনেক বিভাগে চার বছরের স্নাতক (সম্মান) কোর্স সাড়ে তিন বছরেই শেষ হয়েছে। কিন্তু অচেনা এক ভাইরাস বাংলাদেশের মতো বিশ্বের সব কিছু যেন পাল্টে দেয়। সেই ছোঁয়ায় এখন ওলটপালট দেশের দ্বিতীয় বৃহত্তর বিদ্যাপীঠের অ্যাকাডেমিক সূচি।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের যে সেশনজট কমিয়ে আনার সব ধরনের চেষ্টা তারা করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট বিভাগ ৬১টি। এর মধ্যে মাত্র ৫টি বিভাগ সেশনজটমুক্ত। বাকি ৫৬টি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রায় তিন বছর শেষে এখনো তৃতীয় বর্ষেই উঠতে পারেননি।
শিক্ষার্থীরা জানান, সেশনজট তাদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কোভিড-১৯ পরবর্তী সময়ে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপ না থাকায় এই সেশনজটের সৃষ্টি হয়েছে। এই সেশনজট কাটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ কর্তৃপক্ষের জন্য।
বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেশনজটের বিষয়টি স্বীকার করেছে। বিভাগ সংশ্লিষ্টদের আন্তরিকতার ঘাটতির পাশাপাশি নিয়োগ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকায় সৃষ্টি হওয়া শিক্ষক-সংকটকেও এর পেছনে দায়ী করছেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের ক্লাস শুরু হয়েছে আগস্ট থেকে। গণিত বিভাগের তৃতীয় বর্ষের ক্লাস শুরু হয় ৩০ অক্টোবর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৩ নভেম্বর, ফলিত গণিত বিভাগের ১০ নভেম্বর এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ৮ ডিসেম্বর থেকে।
অন্যদিকে, বাকি ৫৬টি বিভাগের অধিকাংশ বিভাগের ২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এখনো দ্বিতীয় বর্ষের ক্লাস চলছে। কয়েকটি বিভাগে দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছে এবং কয়েকটিতে চূড়ান্ত পরীক্ষা শিগগির শুরু হবে। এমন বিভাগও রয়েছে, যে বিভাগের ২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের ক্লাস এখনো শুরু হয়নি। এ অবস্থায় চরম হতাশা প্রকাশ করছেন সেশনজটে ভুক্তভোগী শিক্ষার্থীরা।
হতাশা প্রকাশ করে সেশনজটে ভুক্তভোগী অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র সিদ্দিকুর রহমান বলেন, ‘কোভিড-১৯-এর কারণে দীর্ঘ দেড় বছরের যে সেশনজট সৃষ্টি হয়েছে, তা কমিয়ে আনার বিষয়ে প্রশাসনের তেমন কোনো কার্যকরী পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এখনো প্রতিটা সেমিস্টার শেষ করতে ৬ মাস বা তারও বেশি সময় লেগে যাচ্ছে। ২০২০ সালের জানুয়ারিতে ক্লাস শুরু করে ২০২২ সালের ডিসেম্বরে এসে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিচ্ছি। অর্থাৎ ৩ বছরে শেষ হচ্ছে মাত্র তিনটা সেমিস্টার, যা আমাদের মতো মধ্যবিত্ত পরিবার থেকে আসা শিক্ষার্থীদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।’
সেশনজটমুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র সোহান ইসলাম নাহিদ বলেন, ‘আমাদের বিভাগে সেশনজট না থাকার কারণ হচ্ছে বিভাগের সভাপতিসহ সব শিক্ষকদের আন্তরিকতা, সময়মতো ক্লাস নেওয়া ও পরীক্ষা নেওয়ার সদিচ্ছা। এ ছাড়া করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে এবং বিভাগকে গতিশীল রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা বিভাগে সেশনজট না থাকার বড় একটা কারণ।’
সেশনজটের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, ‘সেশনজট আছে, এটা সত্য কথা। একটা সময় ছিল যখন চার বছরের প্রোগ্রাম শেষ হতে সাত থেকে আট বছর লেগে যেত। সে তুলনায় এখন সেশনজট অনেক কমে গেছে। বর্তমানে পাঁচ বছরের প্রোগ্রাম শেষ হতে আনুমানিক ছয় থেকে সাড়ে ছয় বছর লেগে যায়।’
তিনি আরও বলেন, ‘সেশনজট হওয়ার অনেকগুলো কারণ আছে। কোভিড-১৯-এর কারণে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। আবার নিয়োগ কার্যক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকায়, বর্তমানে কিছুটা শিক্ষক-সংকটও রয়েছে। আমরা প্রশাসনিকভাবে সেশনজট কমিয়ে আনার চেষ্টা করছি। তবে রাতারাতি এটাকে শূন্যে আনা সম্ভব নয়।’











