ফাইনাল খেলেই কি অবসর, যা বললেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : বয়স ৩৫, পরের বিশ্বকাপে হবে ৩৯। সে বয়সে আর খেলার মতো ঠিক ফিট থাকবেন না লিওনেল মেসি। তাই কাতারেই ইতি টানতে যাচ্ছেন। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে মেসি জানিয়ে দিলেন যে, বিশ্বকাপে এটাই তার শেষ ম্যাচ। পরের বিশ্বকাপে তিনি আর খেলবেন না।

শেষ চারের ম্যাচে ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচে একটি গোল করার পাশাপাশি অন্য একটি গোলে সহায়তা করেছেন।

আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি অবশ্য বলেছিলেন, মেসি পরের বিশ্বকাপ খেলবেন। কিন্তু মেসি নিজে জানিয়ে দিলেন যে, এটাই তার শেষ বিশ্বকাপ। তার মতো তারকাকে কড়া মার্কিংয়ে থাকতে হয়। আর যে পরিমাণ চাপ তাকে নিতে হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা নেওয়া কঠিন হয়ে যায়।

এই আসরেই যেমন ক্রিস্টিয়ানো রোনালদোকে নিষ্প্রভ দেখিয়েছে। আগামী বিশ্বকাপে হয়তো মেসিকেও তেমন দেখাত। ফলে এই বিশ্বকাপেই শেষ করতে চাইছেন মেসি।

৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের খুব কাছে থাকা আর্জেন্টিনা অধিনায়ক মেসি বলেন, ‘ফাইনালে উঠতে পেরে দারুণ লাগছে। আমার বিশ্বকাপ সফর শেষ হবে এই ফাইনাল ম্যাচ খেলেই। পরের বিশ্বকাপ অনেক দেরি। আমার পক্ষে সেটা খেলা সম্ভব হবে না। আর শেষটা এ ভাবেই করা ভালো।’

এদিকে মেসির এমন মন্তব্যের পরই তার জাতীয় দল থেকে অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। ক্লাবের হয়ে খেললেও দেশের মেসিকে আর খেলতে না-ও দেখা যেতে পারে।

এনিয়ে মেসি পঞ্চম বিশ্বকাপ খেলছেন। দেশের মহাতারকা দিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন। চলতি আসরে ইতোমধ্যে পঞ্চম গোল করেছেন। এছাড়া বিশ্বকাপে মোট ১১টি গোল তার দখলে। বিশ্বকাপে এত দিন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করেছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ১০টি গোল ছিল তার। মেসি টপকে গেলেন তাকে।

রেকর্ড নিয়ে ম্যাচ শেষে মেসি বলেন, ‘ব্যক্তিগত রেকর্ড ভালো। সেগুলো গড়তে পারলে ভালো লাগে। কিন্তু আসল হচ্ছে দলগত ভাবে জেতা। সেটাই প্রধান লক্ষ্য। খুব সুন্দর জিনিস সেটা। আর একটা ম্যাচ বাকি। অনেক লড়াই করেছি আমরা। এ বার আমরা বিশ্বকাপ পাওয়ার জন্য নিজেদের সবটুকু দিয়ে দেব।’

আজ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ফ্রান্স ও মরক্কো। এ ম্যাচের জয়ীদের বিপক্ষে আগামী ১৮ নভেম্বর ফাইনাল খেলবে আর্জেন্টিনা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান