নোরার বিরুদ্ধে পাল্টা মামলার হুমকি
নিজস্ব প্রতিবেদক : নোরা ফাতেহির করা মানহানির মামলা নিয়ে এবার মুখ খুললেন জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাটিল। হুমকি দিলেন ‘পালটা মামলা’ করার।
নোরার অভিযোগ, জ্যাকুলিন তার নামে ‘মানহানিকর অভিযোগ’ এনেছেন ‘বিদ্বেষের কারণে’।
সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় ইডি-র তদন্তে নাম জড়িয়েছে এই দুই অভিনেত্রীর।
দুজনকেই একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
সূত্রের খবর, দুজনেই সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে নিয়েছিলেন দামি দামি উপহার। তবুও, জ্যাকুলিনের নামে নোরার করা মানহানির মামলা অনেককেই অবাক করে দিয়েছে।
ই-টাইমসকে জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাটিল জানান, ‘জ্যাকুলিন কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার সামনে নোরাকে নিয়ে কোনো মন্তব্য করেনি। বরং ইডির তদন্তের আপডেট নিয়ে কথা বলা তিনি বারবার এড়িয়ে চলছেন। এখনো তিনি আইনের পবিত্রতা বজায় রেখে চলার চেষ্টা চালাচ্ছেন আর যেহেতু বিষয়টা তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাই মিডিয়ার সামনেও এই নিয়ে কথা বলা এড়িয়ে যাচ্ছেন।
‘সঙ্গে বলতে চাই নোরার করা মামলার কোনও কপি আমাদের হাতে আসেনি। যখনই আমাদের কাছে আসবে কোনও কাগজ বা মাননীয় আদালতের কোনও নির্দেশ, আমরাও পাল্টা আইনি ব্যবস্থা নেব।’
পাটিল আরও বলেন, ‘আমার মক্কেলের অনেক সম্মান রয়েছে নোরার উপরে। আমার তো মনে হয়েছে কোনও ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।’
পাটিল আরও বলেন, ‘যদি জ্যাকুলিনকে কোনো আইনি ঝামেলায় টানা হয় তাহলে মর্যাদা ধরে রাখতে তিনিও আইনি ব্যবস্থাই নেবেন।’











