দ্বিতীয় দিনে বরিশালে নৌ-শ্রমিকদের কর্মবিরতি
বরিশাল প্রতিনিধি : সকালের সূর্য ফোটার আগেই বরিশাল নৌবন্দর থেকে ছেড়ে যায় বরিশাল-ভোলা রুটের সুপার সনিক ৩ লঞ্চটি। সকাল সকাল ভোলা যেতে লঞ্চটিতে ভিড় করে কয়েকশ যাত্রী।
সোমবার সকাল থেকে ভোলা যাওয়ার জন্য এসেছিলেন বেশ কয়েকজন যাত্রী।
তাদের মধ্যে আবদুর রহমান বলেন, ভোলা যেতে বরিশালের রহমতপুর ইউনিয়ন থেকে এসেছেন। শ্রমিকদের কর্মবিরতির কথা জানেন না তিনি। তাই সকালে লঞ্চঘাটে এসে জানতে পারেন লঞ্চ চলাচল বন্ধ।
শামীম নামের আরেক যাত্রী বলেন, সকালে ঘাটে এসে দেখেন লঞ্চ বন্ধ। বিকল্প হিসেবে তিনি স্পিডবোট যাওয়ার জন্য এগিয়ে গেলে ভাড়া অনেক বেশি। বেশি ভাড়া দিয়ে যাওয়া সম্ভব না।
এমনইভাবে বরিশাল অভ্যন্তরীণ রুটের যাত্রীরা পড়েছেন বিপাকে। লঞ্চ বন্ধ থাকায় এসব রুটের যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিকে দ্বিতীয় দিনেও নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ ১০ দফা দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে।
রোববার রাত ১২টা থেকে সারাদেশে মতো বরিশাল নৌ-বন্দরেও কর্মবিরতি শুরু করেন তারা।
অভ্যন্তরীণ ১১টি রুটের পাশাপাশি বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী তিনটি লঞ্চ নৌ বন্দর থেকে সরিয়ে সদর উপজেলার চরকাউয়ায় নোঙর করে রাখা হয়েছে।
শ্রমিকরা জানান, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধগতির কারনে স্বল্প বেতন দিয়ে সংসার চালানো সম্ভব না। তাই আমরা আমাদের বেতনসহ ১০ দফা দাবি জানিয়েছি।
বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি আবুল হাসেম মাস্টার বলেন, বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে সারাদেশে এ কর্মবিরতি শুরু করেছে নৌযান শ্রমিকরা। সারাদেশের সঙ্গে বরিশাল বিভাগে সব ধরনের পণ্যবাহী ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতির এ আন্দোলন চলবে।
এদিকে বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীরা লঞ্চ বন্ধ থাকায় সড়ক পথে ঢাকা যাচ্ছে।
সকাল নগরের নথুল্লাবাদে গিয়ে দেখা যায়, নৌ পথের অনেক যাত্রী গাড়িতে ঢাকা যাওয়ার জন্য এসেছেন।
শ্রমিকদের ১০ দফা দাবিগুলো হল:
নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদানসহ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, খাদ্য ভাতা ও সমুদ্র ভাতার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও নাবিক কল্যাণ তহবিল গঠন করা, দুর্ঘটনা ও কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ করা, চট্টগ্রাম থেকে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে দেশের স্বার্থবিরোধী অপরিণামদর্শী প্রকল্প বাস্তবায়নে চলমান কার্যক্রম বন্ধ করা, বালুবাহী বাল্কহেড ও ড্রেজারের রাত্রীকালীন চলাচলের উপরে ঢালাও নিষেধাজ্ঞা শিথিল, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ভারতগামী শ্রমিকদের লান্ডিং পাস প্রদানসহ ভারতীয় সীমানায় সকল প্রকার হয়রানি বন্ধ, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন নীতিমালা শতভাগ কার্যকর করে সকল লাইটারিং জাহাজকে সিরিয়াল মোতাবেক চলাচলে বাধ্য করা, চরপাড়া ঘাটে ইজারা বাতিল ও নৌ-পরিবহন অধিদপ্তরের সব ধরনের অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধ করা।











