তাজরীন ট্রাজেডির ১০ বছর
ওমর ফারুক, সাভার
আজ ২৪ নভেম্বর; তাজরীন ট্রাজেডির ১০ বছর পুর্ণ হলো। ২০১২ সালের এই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনের ৯ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১৯ শ্রমিক মারা যান। পুড়ে ছাই হয়ে যাওয়া শরীরগুলোকে শনাক্ত করতে করা হয় ডিএনএ টেস্ট। তারপরও যাদের পরিচয় পাওয়া যায়নি তাদের দাফন করা হয়েছে জুরাইন কবরস্থানে।
দিবসটিকে স্মরণ করে বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনের সামনে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। এ সময় মৃতদের স্মরণ কর, জীবিতদের জন্য লড়াই কর, দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ আইন বদল এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বিভিন্ন দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা।
আলোকচিত্র প্রদর্শনীতে এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপ্রধান শ্রমিকনেতা তাসলিমা আখ্তার, নিহত শাহ আলমের মা সাহারা খাতুন, নিহত শ্রমিক মাহফুজা আক্তারের স্বামী জব্বার, নিহত লিপির মা নসীমন, নিহত আয়নালের মা জবেদা, আহত শ্রমিক নাসিমা আক্তারসহ অনেকে।
তাজরীন ট্রাজেডির ১০ বছর
আলোচনাসভায় বক্তারা বলেন, ২৪ নভেম্বর ২০১২ সাল দুনিয়ার কারখানার ইতিহাসে এবং বাংলাদেশে একটি স্মরণীয় দিন। ১০ বছর পার হলেও এ ঘটনায় দায়ের করা মামলার দীর্ঘসূত্রিতা, বিচারহীনতার সংস্কৃতি এবং স্বজনপ্রীতির দোষে আজও শাস্তি হয়নি তাজরীনের দোষী মালিক দেলোয়ার হোসেনসহ অন্যান্যদের। বদল হয়নি ক্ষতিপূরণের আইন, করা হয়নি ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসন।
বক্তারা আরো বলেন, রপ্তানি আয়ের শীর্ষ খাতের শ্রমিকদের জীবন ও স্বপ্ন, মালিক-সরকার এবং বায়ারদের কাছে কত সস্তা তাজরীনের আগুনে মৃত শ্রমিকরা যেন তার স্বাক্ষ্য দেয়। মালিক, সরকার আর বায়ারের অবহেলা এবং অমোনোযোগে তাজরীন শ্রমিকরা প্রাণ হারালেও বিচারহীনতার ১০ বছর বলে দেয় শ্রমিকের জীবন ও স্বপ্নর কোনো মূল্য নেই সরকারের কাছে।
বক্তারা আরো বলেন, মূল ধারার ইতিহাসে প্রায়শই আমরা শ্রমিক ও শ্রমিক আন্দোলনের ইতিহাসকে ঠাঁই পেতে দেখি না। তাজরীনের আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যুর ১০ বছরের ইতিহাসে আলোকচিত্র প্রদর্শনীসহ আমাদের প্রতিবাদের মধ্য দিয়ে সেসব দুঃসহ স্মৃতিকে বাঁচিয়ে রাখতে চাই আমরা। কারণ এসব স্মৃতি ইতিহাস, শক্তি ও প্রতিবাদের প্রতীক। তাই ফেলে আসা স্মৃতি থেকে শক্তি নিয়ে দোষীদের শাস্তি, ক্ষতিপুরণ আইনের বদল, ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসন, জীবিত শ্রমিকদের ২৫ হাজার টাকা মজুরি করাসহ নানা দাবিতে আমরা সোচ্চার।
তাজরীন ট্রাজেডির ১০ বছর
বর্তমান বাজারে শ্রমিকদের বেঁচে থাকতে ২৫ হাজার টাকা মজুরি ও মজুরি বোর্ড গঠনেরও দাবি জানান তারা।
উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় হঠাৎ ৯ তলা ভবনের ছয়তলা পর্যন্ত লাগা আগুনে মারা যায় ১১৯ জন শ্রমিক।
‘মৃতদের স্মরণ কর, জীবিতদের জন্য লড়াই কর’ এই আহ্বানে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির আয়োজনে আলোকচিত্র প্রদর্শনীতে আলোকচিত্রী তাসলিমা আখ্তারের তোলা ৩৫টি ছবি, মার্কিন যুক্তরাষ্ট্রের কাঁথাশিল্পী রবিন বারসনের ২টি কাঁথার ছবি এবং অ্যাক্টিভিস্ট এনথ্রপলজিস্টদের তৈরি নিহত তালিকা, ছবি ও গার্মেন্ট শ্রমিক সংহতির সংগৃহীত ছবি ও তথ্য ব্যবহার করা হয়েছে।











