টাঙ্গাইলে তিন আইনজীবীসহ বিএনপির ১২ নেতা কর্মী রিমান্ডে
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে তিন আইনজীবীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মীকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে আদালত তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। ঢাকায় আগামী ১০ ডিসেম্বর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে একটি প্রস্তুতি সভা শেষে ফেরার পথে সোমবার সন্ধ্যায় এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর এই ১২ নেতা-কর্মীসহ ৩১ জনের নাম উল্লেখ করে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) রোহানুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে এক মামলা দায়ের করেন। বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃত ১২ জনকে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া ব্যক্তিরা হচ্ছেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আইনজীবী খন্দকার মাহবুবুর রহমান ওরফে রিপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য লাল মাহমুদ, নাগরপুর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ফরিদ ভূঁইয়া। এই তিন আইনজীবী ছাড়াও অন্য নয়জন হলেন- সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবু গাজী, ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, বাসাইল উপজেলা বিএনপির সদস্য আমিনুর রহমান, টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, যুবদল কর্মী ফুয়াদ হাসান, হেলাল উদ্দিন সিকদার ও সৌরভ এবং দোকান কর্মচারী জাকির হোসেন।
মামলায় ২৯ আসামির মধ্যে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল হক, ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহীন, হুগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোর্শেদ আলম, সিলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, জেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ পাহেলী, টাঙ্গাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ সরোয়ার, কাতুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান রয়েছেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ সরকারি সম্পত্তি বিনষ্ট, যানবাহন স্থাপনার ক্ষতি সাধন, জনমনে ভীতি সৃষ্টি এবং ধ্বংসাত্মক কার্যক্রম সংগঠনের উদ্দেশ্যে পরিকল্পনা গ্রহণের অভিযোগ আনা হয়েছে।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ বিঘ্ন করতে পরিকল্পিতভাবে বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গত কয়েক দিনে টাঙ্গাইলে তিনটি মিথ্যা মামলা দিয়ে ১৯ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এই মামলাগুলো প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।











