টোল আদায় বন্ধ হলেও মাসে তোলা হচ্ছে সাড়ে ৩৭ লাখ টাকা
সরোয়ার আলম |
সর্বোচ্চ আদালতের নির্দেশে পোস্তগোলা ব্রিজ নামে পরিচিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে টোল আদায় বন্ধ হলেও চাঁদার নামে কৌশলে তা আদায় করছেন স্থানীয় আওয়ামী লীগের নামধারী নেতারা। শুধু তিন চাকার যান, বিশেষত অটোরিকশাচালকদের থেকে মাসে একবার নির্দিষ্ট হারে চাঁদা তোলা হচ্ছে। এর জন্য তারা স্টিকার ব্যবহার করেন। চাঁদাবাজদের পেছনে আছে অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী কচি গ্রুপের লোকজন। গড়ে প্রতিটি অটোরিকশা থেকে আড়াই হাজার টাকা হারে সাড়ে ৩৭ লাখ টাকা তোলা হয় প্রতি মাসে।
অভিযোগ রয়েছে, পুলিশের সঙ্গে যোগসাজশ করে সেখানে চাঁদাবাজি চলছে। চাঁদার একটি অংশ চলে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাব্যক্তিদের পকেটে। সবার সামনে এ কর্মকাণ্ড চললেও প্রশাসন না দেখার ভান করছে। এ ছাড়া চাঁদা না দিলে অটোরিকশা চুরি হয়ে যায় বলে চালকরা জানিয়েছেন। তবে পুলিশ কর্মকর্তা ও অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক দেশ রূপান্তরকে বলেন, ‘কোথাও টোকেন বা স্টিকার ব্যবহার করে চাঁদাবাজি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অন্যায়-অনিয়ম বরদাশত করা হবে না।’
পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
বুড়িগঙ্গা নদীর ওপর করা এ সেতু পোস্তগোলা এলাকা দিয়ে ঢাকার সঙ্গে কেরানীগঞ্জের সংযোগ তৈরি হয়েছে। এ পথেই মুন্সীগঞ্জের মাওয়া হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ রূপান্তরকে জানান, গত ১ জুলাই থেকে এ সেতুতে টোল আদায় বন্ধ করতে হাইকোর্ট নির্দেশ দেয়। টোল আদায় বন্ধও হয়। তবে একটি প্রভাবশালী চক্র কৌশলে তিন চাকার যানবাহন থেকে চাঁদা তুলছে। পোস্তগোলা ব্রিজের উত্তর প্রান্ত থেকে শুরু করে কেরানীগঞ্জ রোডে সিএনজিচালিত অটোরিকশায় স্টিকার লাগিয়ে দেদার চাঁদাবাজি করছে।
স্থানীয় লোকজন ও অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন চাঁদা আদায় না করে মাসিক হিসেবে নেওয়া হয়। চাঁদার ভাগ চলে যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নামধারী স্থানীয় নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের পকেটে।
এলাকাবাসীর অভিযোগ, হাইকোর্টের নির্দেশে বড় বড় যানবাহনে টোল আদায় বন্ধ হলেও এলাকার চাঁদাবাজদের দৌরাত্ম্য এখনো কমেনি। এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ ও থানা পুলিশকে নিয়মিত চাঁদা দিতে হচ্ছে।
সিএনজি অটোরিকশাচালক আরমান হোসেন জানান, পোস্তগোলা ব্রিজ দিয়ে গাড়ি পার হতে বিশেষ স্টিকার নিতে হয়। কেউ দেখলে বুঝবে না স্টিকারগুলো চাঁদা আদায়ের জন্য দেওয়া হয়েছে। প্রতি মাসে আড়াই হাজার টাকা না দিলে গাড়ি চলতে দেয় না। যারা চাঁদা তোলে তারা বাবুবাজার ব্রিজেও চাঁদা তোলে।
সরেজমিনে পোস্তগোলা ব্রিজ এলাকায় দেখা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্রথম বুড়িগঙ্গা সেতু নিয়ন্ত্রণ করে শীর্ষ সন্ত্রাসী কচি গ্রুপের লোকজন। কচি গ্রুপের সন্ত্রাসীরা সিএনজি অটোরিকশা চোর, স্থানীয় মাস্তান, আওয়ামী লীগ নামধারী চিহ্নিত চাঁদাবাজ ও প্রশাসনকে ম্যানেজ করে গড়ে তুলেছে একটি সংঘবদ্ধ চক্র।
অভিযোগ আছে, স্থানীয় রাজু ও আকতার হোসেনের নেতৃত্বে একটি চক্র মহাসড়কে চলাচলরত অটোরিকশা থেকে মাসিক ভিত্তিতে চাঁদা তুলছে। এ জন্য প্রতিটি সিএনজি অটোরিকশায় স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত এ স্টিকার ছাড়া কোনো অটোরিকশা প্রথম সেতুতে উঠতে পারে না।
তবে অভিযোগের বিষয়ে আকতার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কখনো চাঁদাবাজি বা অটোরিকশা চুরি করি না। এলাকার লোকজনও বলতে পারবে না আমি কোনো অপরাধে সম্পৃক্ত। পোস্তগোলা ব্রিজে এখন কোনো টোল আদায় হয় না। বিশেষ স্টিকার দিয়ে চাঁদা তোলার সঙ্গে আমি জড়িত নই।’
অটোরিকশার চালকরা জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার সিএনজি অটোরিকশা চলাচল করে। এসব অটোরিকশার প্রতিটিকে মাসিক হারে চাঁদা দিতে হয়। বুড়িগঙ্গা সেতুর টোল বন্ধ হওয়ার আগে সেতুর ইজারাদার ছিলেন আলম। টোল বন্ধ হওয়ার আগেই আলমের লোকজন আকতারকে দায়িত্ব দেয় অটোরিকশার মালিকপক্ষের সঙ্গে আলাপ করার জন্য। মালিকপক্ষকে হুমকিধমকি দিয়ে চাঁদা না দিতে বাধ্য করা হয়। না হলে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। কারণ এর নেপথ্যে শীর্ষ সন্ত্রাসী কচি রয়েছে। মালিকরা ভয়ে চাঁদা দিতে রাজি হন। চাঁদাবাজরা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের ম্যানেজ করে।
মাসের প্রথম সপ্তাহেই আড়াই হাজার টাকা দিয়ে স্টিকার সংগ্রহ করতে হয় বলে জানান অটোরিকশার মালিক মোহাম্মদ ইউসুফ।
তিনি বলেন, ‘আমাদের কিছুই করার নেই। কারণ স্টিকার না নিলেই অটোরিকশাচালককে মারধর করে চাঁদাবাজরা। ওদের পেছনে সন্ত্রাসী কচি গ্রুপ আছে। মূলত কচি গ্রুপের সন্ত্রাসীদের কাছেই আমরা সাধারণ মালিক ও চালকরা অসহায়।’
রিয়াদ নামে অন্য এক চালক বলেন, ‘যারা চাঁদা তোলে তারা খুবই খারাপ মানুষ। তাদের কথা না শুনলে অটোরিকশা চুরিও হয়ে যায়। গত তিন মাসে বেশ কয়েকটি অটোরিকশা চুরি হয়েছে। নিয়মিত চাঁদা না দেওয়ায় অটোরিকশাগুলো চুরি হয়। চুরি রোধ করতেই আমরা বাধ্য হয়ে চাঁদা দিচ্ছি।’
আরেক চালক রফিকুল বলেন, ‘চাঁদা দিলেই আমরা নিরাপদ। নিরাপত্তার জন্যই চাঁদা দিচ্ছি।’











