শর্ত না মানলে ফরিদপুরে বাস ধর্মঘটের হুমকি
ফরিদপুর প্রতিনিধি : আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এর আগেই জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ফরিদপুরে পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে। তাদের দাবি, মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ না করা হলে ১১ নভেম্বর সকাল ৬টা থেকে ১২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত সকল প্রকার পরিবহন চলাচল বন্ধ রাখা হবে।
আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘটের সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
এদিকে, বিএনপি নেতারা বলছেন, সমাবেশে নেতা-কর্মীদের জনস্রোত ঠেকাতে সরকারের ইন্ধনে পরিবহন ধর্মঘট ডেকেছে কতিপয় মালিক শ্রমিক নেতারা।
মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানিয়ে সোমবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের হাতে চিঠি তুলে দেন ফরিদপুর জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর এই চিঠি দেয়া হয়।
ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মহাসড়কে অবৈধ যান চলাচলের কারণে প্রতিনিয়ত নানা ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় যাত্রীদের নির্বিঘ্নে ও নিরাপদ যাতায়াতের জন্য ১০ নভেম্বরের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। না হলে ১১ নভেম্বর সকাল ৬টা থেকে ১২ নভেম্বর শনিবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুর জেলা বাস টার্মিনাল থেকে আঞ্চলিক বাস ও মিনিবাসসহ দূরপাল্লার পরিবহনের সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হবে।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘটের সম্পর্ক নেই জানিয়ে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহসভাপতি জুবায়ের জাকির বলেন, গত দুই মাস আগে দক্ষিণাঞ্চলের ২১ জেলা মিলে আমরা একটি সভার মাধ্যমে জানিয়েছিলাম। মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমন বন্ধ না করা হলে ধর্মঘট আহবান করা হবে। এরই ধারাবাহিকতায় গত মাসে খুলনা ও মাদারীপুরে আমরা একটি মিটিং করেছে। সেই সময়ে আমরা বলেছি মহাসড়কে থ্রি হুইলার বন্ধ না করা হলে নভেম্বর মাসের ১১ এবং ১২ তারিখ সকল প্রকার বাস চলাচল বন্ধ রাখা হবে।
এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরীয়া স্বপন বলেন, বিগত বিএনপির সমাবেশগুলোতে আমরা এ নাটক দেখেছি। সরকারের প্ররোচনায় বাস মালিক সমিতি ধর্মঘট ডেকেছে। তবে কোনো ধর্মঘট ডেকে বিএনপির মহাসমাবেশ বন্ধ করা যাবে না। নেতাকর্মীরা যেভাবেই পারুক মহাসমাবেশে যোগ দেবে এবং সমাবেশকে সফল করবে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং গণসমাবেশের সমন্বয়কারী শামা ওবায়েদ রিংকু বলেন, ‘পরিবহন ধর্মঘট সরাসরি ডাকুক কিংবা পরোক্ষভাবে ডাকুক গত পাঁচটি সমাবেশে আমাদের অভিজ্ঞতা হচ্ছে আমাদের সমাবেশের আগে ও সমাবেশের দিন তারা বাস বন্ধ করে দেবে। সব জায়গায় তা করেছে। জনগণের ভোগান্তি তাদের মাথায় নেই, তাদের চিন্তা বিএনপিকে বিপাকে ফেলানো। কিন্তু এতে কোনো কাজ হবে না। মানুষের আবেগ আটকে রাখা যায় না। সরকারের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। ওরা বাস চলতে দেবে না জেনেই আমরা প্রস্তুতি নিচ্ছি। ট্রলারে চড়ে, ভেলায় চড়ে এমনকি পায়ে হেঁটে সমাবেশে আসবে।’











