ছাত্রদল নেতার কল রেকর্ড ভাইরাল
কক্সবাজার (চকরিয়া) প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মান্নানের অকথ্য ভাষায় গালাগালির একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক আইডিতে ওই কল রেকর্ডটি প্রকাশ করেন ভুক্তভোগী ছাত্রদল নেতা শফিকুল ইসলাম দিয়া। এর কিছুক্ষণের মধ্যেই কল রেকর্ডটি ভাইরাল হয়ে যায়। এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
ইতোমধ্যে আবদুল্লাহ আল মান্নানের স্থায়ী বহিষ্কার দাবি করেছেন দলের নেতাকর্মীরা। আবার অনেকেই অকথ্য ভাষা ব্যবহারের জন্য সিনিয়র নেতাদের কাছে বিচার দাবি করেছেন।
জানা গেছে, ফেসবুকে কমেন্ট করায় ছাত্রদল কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দিয়ার ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরীর মামাতো ভাই ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মান্নান। এজন্য নিরাপত্তা চেয়ে কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী শফিকুল ইসলাম দিয়া।
নাম প্রকাশ না করার শর্তে কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের বেশ কয়েকজন সিনিয়র নেতা আমাদের সময়কে বলেন, ‘রাজনীতিতে আবদুল্লাহ আল মান্নানের কোনো যোগ্যতা নেই। জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরীর আপন মামাতো ভাই হওয়ার সুবাধে আত্মীয়করণের মাধ্যমে তাকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব করা হয়েছে। তার নামে নারী কেলেঙ্কারি, দলীয় নেতাকর্মীদের সঙ্গে মারামারিসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তিনি কুতুবদিয়া ছাত্রদলের রাজনীতিকে কলুষিত করেছে।’
একাধিক ছাত্রদল নেতা আরও জানান, ‘আবদুল্লাহ আল মান্নানের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ সবাই। জেলা বিএনপির প্রভাবশালী নেতার আত্মীয় হওয়ায় তার অত্যাচার মুখ বুজে সহ্য করতে হয়। মান্নান ওই নেতার প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়।’
কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দিয়া আমাদের সময়কে বলেন, ‘ফেসবুকের কমেন্টস নিয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমার সঙ্গে যে আচরণ করেছেন তা অপ্রত্যাশিত এবং খুবই দুঃখজনক। প্রায় সময় তিনি বিভিন্ন ছাত্রদলের নেতাদের সঙ্গে এমন আচরণ করেন। তিনি আমাকে হত্যার হুমকি দিয়েছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মান্নানের মোবাইলে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ মুকাররম কুতুবী বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি না।’











