রেকর্ড গড়া ইনিংসে ফের শিরোনামে ‘বেবি এবি’
অনলাইন ডেস্ক : স্বপ্ন যাত্রার শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে। ‘বেবি এবি’ খ্যাত দক্ষিণ আফ্রিকার তরুণ ডেভাল্ড ব্রেভিস নিজের জাত চেনালেন আরও একবার। নিজ দেশের ঘরোয়া লিগ সিএসএ টি–টোয়েন্টি চ্যালেঞ্জে খেললেন রেকর্ড গড়া ইনিংস।
১৯ বছর বয়সী ব্রেভিস সোমবার টাইটানসের হয়ে নাইটসের বিপক্ষে ৫৭ বলে ১৬২ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন। স্ট্রাইক রেট ২৮৪.২১।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে এটি একই সঙ্গে দ্রুততম শতরান ও সর্বোচ্চ রানের ইনিংস।
১৩টি করে ছক্কা ও চার হাঁকিয়েছেন ব্রেভিস। অর্থাৎ ১৩০ রানই এসেছে বাউন্ডারি থেকে।
ব্রেভিসের ইনিংসে ভর করে টাইটান্স ২০ ওভারে ৩ উইকেটে ২৭১ রানের বিশাল স্কোর গড়ে। নাইটস সেই রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ২৩০ রান করে। ৪১ রানে জয় পায় টাইটানস।
শুধু রেকর্ড গড়া ইনিংসই নয়, ফিল্ডিংয়েও পরে এবি ডি ভিলিয়ার্সের ছাপ দেখিয়েছেন ‘বেবি এবি’। বাউন্ডারি লাইনে অ্যাক্রোব্যাটিক ক্যাচ নিয়েছেন।
তার এমন পারফরম্যান্স নজর এড়ায়নি এবি ডি ভিলিয়ার্সের। সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনে লিখেছেন, ‘ডেভাল্ড ব্রেভিস, এর বেশি আর কিচ্ছু বলার নেই।’











