রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনেদুপুরে মালিককে কুপিয়ে সোনার দোকান লুট

news-image

ফেনী প্রতিনিধি : দিনের আলোয় প্রকাশ্যে জুয়েলারি দোকান মালিককে কুপিয়ে স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাতরা। রোববার দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার জমাদার বাজারে এ ঘটনা ঘটেছে।

মুখোশধারী ডাকাতরা অর্জুন জুয়েলার্স নামের ওই দোকানের প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ডাকাতদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত দোকানমালিক অর্জুন চন্দ্র বাদুরীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। বোমা বিস্ফোরণে বাজারের পথচারী লেদু মিয়াসহ চারজন আহত হন। বাকিদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা আড়াইটার দিকে ছয়-সাতজনের ডাকাত দল দুটি মোটরসাইকেল নিয়ে জমাদার বাজারের অর্জুন চন্দ্র বাদুরীর দোকানের সামনে আসে। এ সময় সড়কে বেশ কয়েকটি হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা অর্জুন চন্দ্রকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানে থাকা স্বর্ণালংকার লুট করে। বাধা দেওয়ায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে অর্জুনের মাথায় ও হাতে আঘাত করে দোকানে ভাঙচুর চালায়। চলে যাওয়ার সময় ডাকাতেরা আবারও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে মোটারসাইকেল নিয়ে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. সাদেকুল করিম বলেন, অর্জুন চন্দ্রের মাথায়, চোয়ালে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অর্জুন বাদুরীর এক আত্মীয় বলেন, ডাকাত দল দোকান থেকে অন্তত ৫০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। তবে অর্জুন বাদুরীর জ্ঞান ফিরলে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যাবে।

স্থানীয় বাসিন্দা আবদুল জলিল বলেন, দুটি মোটরসাইকেলে হেলমেট পরা ছয়জন সশস্ত্র ডাকাত ছিল। দলটি অর্জুনের দোকানে ঢুকে তাকে কুপিয়ে আহত করে বাজারে ককটেল ফাটিয়ে স্বর্ণালংকার লুট করে মোটরসাইকেলে উত্তর দিকে পালিয়ে যায়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। কীভাবে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে এবং কারা ঘটিয়েছে, তার মূল রহস্য উদ্‌ঘাটনের কাজ চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ