পাকিস্তানের সেনাবাহিনীকে ইমরান খানের ‘হুমকি’
অনলাইন ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। গতকাল শুক্রবার বহুল প্রত্যাশিত লংমার্চে দেশটির শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার–সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট–জেনারেল নাদিম আনজুমকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন ইমরান খান।
ইমরান খান বলেন, তিনি চুপ থাকবেন কারণ তিনি দেশ ও প্রতিষ্ঠানের ক্ষতি চান না। এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের গোয়েন্দাপ্রধান এক নজিরবিহীন সংবাদ সম্মেলনে হাজির হন। সেখানে নাদিম আনজুম ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ইমরান তার সরকারকে অবৈধ ও অসাংবিধানিকভাবে সমর্থন দিতে সেনাবাহিনীকে বলেছিলেন।
এ ছাড়া সংবাদ সম্মেলনে নাদিম আনজুম অভিযোগ করেন, সরকার টেকাতে ইমরান খান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে অনির্দিষ্টকালের জন্য সেনাপ্রধান হিসেবে থাকার প্রস্তাব দিয়েছিলেন। যা বাজওয়া প্রত্যাখ্যান করেছিলেন। এ জন্যই সেনাবাহিনীর বিরুদ্ধে এত ক্ষোভ ইমরানের, দাবি করেন আনজুম।
এর জবাবে গতকাল ইমরান খান বলেন, এসব কর্মকর্তা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তিনি নাদিম আনজুমকে সতর্ক করে বলেন, আমি অনেক গোপন কিছু জানি, কিন্তু দেশ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বার্থে আমি চুপ আছি।
প্রথম দিনের লং মার্চে ইমরান খান আরও বলেন, আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই জাতিকে মুক্ত করা এবং পাকিস্তানকে একটি স্বাধীন দেশে পরিণত করা। এই সময় তিনি দেশটির গোয়ন্দাপ্রধানের অভিযোগ প্রত্যাখ্যান করেন।
ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী বলেন, সেটি (সংবাদ সম্মেলন) ছিল একপাক্ষিক এবং তারা শুধু আমাকে নিয়ে কথা বলেছে। ক্ষমতাসীন সরকারের চোরদের নিয়ে তারা একটি শব্দও উচ্চারণ করেনি।











