সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর যৌতুক মামলায় আইনজীবীর ১ বছরের কারাদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : স্ত্রীর কাছে যৌতুক চেয়ে নির্যাতনের অভিযোগ প্রমানিত হওয়ায় এক আইনজীবী স্বামীর এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। যা বাদী পক্ষে আইনজীবী আজাদ রহমান নিশ্চিত করেছেন।

দণ্ডিত আইনজীবীর নাম মো. মনিরুল ইসলাম ওরফে আকাশ। তিনি ঢাকা আইনজীবী সমিতির বিএনপি দলীয় নিয়মিত একজন আইনজীবী।

রাজধানীর কদমতলী থানাধীন পূর্ব জুরাইনের মৃত বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী মুনসির মেয়ে ফাহিমা বেগম লিজা ২০১৩ সালে ঢাকা সিএমএম আদালতে এ মামলা করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, আসামি আকাশ পূর্বের বিয়ে ও বাচ্চার কথা গোপন করে মিথ্যা প্রলোভন দেখিয়ে বাদিনীর সহিত সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি ইসলামী শরিয়ত মোতাবেক দশ লক্ষ টাকা দেন মোহর ধার্য করে তাদেরও বিয়ে হয়।

বিয়ের কিছুদিন পর ২০১৩ সালের ১৪ মার্চ আসামি বাদিনীর নিকট তার বাড়িতে বিভিন্ন ঝামেলা আছে এবং বাড়ি ঘর মেরামত করার কথা বলে চার লক্ষ টাকা যৌতুক এনে দিতে বলে। বাদীনি সরল বিশ্বাসে নিজের গহনা বিক্রয় করে ও জমানো টাকা চার লক্ষ টাকা আসামিকে যৌতুক দেয়। কিছুদিন যাওয়ার পর পুনরায় আসামি বাদিনীর নিকট পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবী করে।

তখন বাদীনি বলেন, ‘আমার বাবা নেই। আমি এত টাকা কোথায় পাব’- আর আমার জমানো টাকা তোমাকে আগে দিয়ে দিয়েছি। এরপর প্রতি রাতেই সে বাদিনীকে যৌতুকের জন্য মারধর করত।

সর্বশেষ ২০১৩ সালের ২৬ মে রাত অনুমান ১০ ঘটিকার সময় আসামি বাদিনীর বাসায় আসিয়া দাবিকৃত যৌতুকের টাকা জোগাড় হয়েছে কিনা তা বাদিনীকে জিজ্ঞাসা করে। দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারলে বাদিনীকে ডিভোর্স দিয়ে অন্য স্থানে যৌতুক নিয়ে বিয়ে করবে বলে জানিয়ে চলে যায়।

বাদিনীর আইনজীবী আজাদ রহমান জানান, মূলত বাদিনীর অর্থৈর লোভেই সে বিয়ে করেছিল। ২০১৩ সালে এ মামলা হয়। দীর্ঘ ৯ বছর পর রায় পেল বাদিনী। আসামি এ মামলায় চার বার বদলি মিস করেন সময় ক্ষেপন করেন। এছাড়া হাইকোর্টে যাওয়ার কথা বলেও সে বারবার সময় নেওয়ায় রায় পেতে বিলম্ব হয়েছে।

তিনি আরও বলেন, আসামি বাদিনীকে হয়রানি করার জন্য এ পর্যন্ত নামে বেনামে বাদিনীর বিরুদ্ধে ১০টি মামলা করেছেন।